ব্রেকিং

গালওয়ান সংঘর্ষের পর প্রথম ভারত সফরে জিনপিং, মোদির সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে কূটনৈতিক মহল

Thursday, 10 September 2026 at 14:43 Superadmin
Share
গালওয়ান সংঘর্ষের পর প্রথম ভারত সফরে জিনপিং, মোদির সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে কূটনৈতিক মহল
ফাইল চিত্র

ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট। গালওয়ান সংঘর্ষের পর ভারত ও চিনের মধ্যে দিয়ে অনেক জল বয়ে গেছে। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথম ভারত সফরে আসছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন চিনের প্রেসিডেন্ট। যদিও জিনপিংয়ের ভারত সফর সম্পর্কে দুই দেশের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। চিনের প্রেসিডেন্টের এই সফর রাজনৈতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠকের দিকে তাকিয়ে আছে কূটনৈতিক মহল।

২০২০ সালের ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে একটি গুরুতর সংঘর্ষ ঘটে। ঘটনাটি ভারত-চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) নিয়ে উত্তেজনার পরিণতি ছিল। সংঘর্ষের সময় দুই দেশের সেনাদের মধ্যে হাতাহাতি ও মুখোমুখি লড়াই হয়। এতে ভারতীয় সেনাবাহিনীর ২০ জন সদস্য নিহত হন। চিন তাদের সেনাদের হতাহতের কথা পরে স্বীকার করে, যদিও দীর্ঘদিন সঠিক সংখ্যা প্রকাশ করেনি।

গালওয়ান সংঘর্ষের ফলে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সীমান্ত এলাকায় দুই দেশই অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের মধ্যে একাধিক সামরিক ও কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়।

গালওয়ান সংঘর্ষ ভারত-চিন সীমান্ত সমস্যার গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে আসে এবং দুই দেশের সম্পর্কের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

১৮ তম ব্রিকস শীর্ষ সম্মেলন যোগ দিতে শনিবার ১২ সেপ্টেম্বর জিনপিংয়ের দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে। শেষ বার সাত বছর আগে ২০১৯ সালে ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট।