ব্রেকিং

জমি তৈরি, রাজ্যে এবার লগ্নির পালা ,৬২ হাজার কর্মসংস্থানের বার্তা শুভেন্দুর

Friday, 25 September 2026 at 23:42 Superadmin
Share
জমি তৈরি, রাজ্যে এবার লগ্নির পালা ,৬২ হাজার কর্মসংস্থানের বার্তা শুভেন্দুর

বন্দে মাতরম সংবাদ  ,পূর্ব বর্ধমান : 'জমি প্রস্তুত। এবার রাজ্যের লক্ষ্য লগ্নি টেনে এনে শিল্পের চাকা আরও দ্রুত ঘোরানো। রাজ্যে ৩৩টি শিল্পপ্রকল্পের জন্য জমি বরাদ্দ হয়েছে। সেই প্রকল্পগুলিতে প্রায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা। এছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ৬২ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

শুক্রবার পূর্ব বর্ধমানের সভা থেকে শিল্পায়ন ও কর্মসংস্থানকে সামনে রেখে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

সরকারি পরিকল্পনায় সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সরঞ্জাম, সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি, ইঞ্জিনিয়ারিং, ওষুধ, ইস্পাত, খাদ্যপ্রক্রিয়াকরণ, বস্ত্র এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সহ একাধিক ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যের বিভিন্ন শিল্পপার্কে ইতিমধ্যেই জমি বরাদ্দের প্রক্রিয়া এগিয়েছে। প্রশাসনের লক্ষ্য, জমি পাওয়ার পর দ্রুত প্রকল্পের বাস্তবায়ন শুরু করা বলে এদিন স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট করে জানান, শুধু জমি বরাদ্দ করেই থেমে থাকতে চাইছে না বিজেপি সরকার। বিনিয়োগকারীদের জন্য শিল্পবান্ধব পরিবেশ তৈরি এবং প্রশাসনিক জটিলতা কমানোর উপরও জোর দেওয়া হচ্ছে। শিল্পস্থাপনে বাধা, হুমকি বা তোলাবাজির অভিযোগ উঠলে সরাসরি সরকারের কাছে জানানোর জন্য টোল-ফ্রি ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি। তাঁর বার্তা, শিল্পপতিদের নিরাপত্তা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে সর্বদা প্রশাসন সক্রিয় থাকবে।

শিল্পায়নের তালিকায় একদিকে যেমন অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ক্ষেত্র রয়েছে, তেমনই রয়েছে ঐতিহ্যবাহী উৎপাদন ও ক্ষুদ্র-মাঝারি শিল্প। ফলে বড় বিনিয়োগের পাশাপাশি স্থানীয় স্তরে সরবরাহ, পরিবহণ, পরিষেবা এবং ছোট ব্যবসার ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি রাজ্যে আরও বড় লগ্নির সম্ভাবনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রিলায়্যান্স গোষ্ঠীর তরফে পাঁচ-ছ’টি ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখানোর দাবি করে তিনি জানান, শীঘ্রই সংস্থার প্রতিনিধিদল রাজ্যে আসতে পারে।

শিল্পের জন্য জমি বরাদ্দের পর এবার সেই জমিতে দ্রুত কারখানা ও প্রকল্প বাস্তবায়নই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। পূর্ব বর্ধমানের সভা থেকে সেই বার্তাই দিলেন শুভেন্দু—জমি তৈরি, এবার লগ্নির পালা।