ইউএস ওপেনের নতুন রানী রায়বাকিনা
বন্দে মাতরম সংবাদ: নিউ ইয়র্কে গিয়েছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান দখলের লক্ষ্য নিয়ে। ফিরলেন তার থেকেও বড় সাফল্য নিয়ে। শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ সেটে হারিয়ে প্রথমবার ইউএস ওপেনের খেতাব জিতে নিলেন এলেনা রায়বাকিনা। এটি কাজাখস্তানের এই টেনিস তারকার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম এবং চলতি বছরে দ্বিতীয় মেজর জয়।
সেমিফাইনালে উঠলেই রায়বাকিনার এক নম্বর হওয়া নিশ্চিত হয়েছিল। তবে শুধু র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নয়, সাবালেঙ্কাকে হারিয়ে ট্রফিও নিজের করে নিলেন ২৭ বছরের কন্যা। এর আগে চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন তিনি। ২০২২ সালে উইম্বলডন জেতার পর এ বার তাঁর সামনে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার সুযোগ। তার জন্য শুধু ফরাসি ওপেনের ট্রফিটিই অধরা।
ফাইনালে রায়বাকিনার সবচেয়ে বড় শক্তি ছিল তাঁর আইস কুল কুল মগজ। প্রথম সেটে সাবালেঙ্কার সার্ভিসে বারবার চাপ তৈরি করেন তিনি। মোট ১২টি ব্রেক পয়েন্টের মধ্যে তিনটি কাজে লাগান। নিজের প্রথম সার্ভিসে সাফল্যের হার প্রত্যাশামতো না হলেও দুর্দান্ত রিটার্ন এবং নিখুঁত শটে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন।
দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে রায়বাকিনার সার্ভিস ভেঙে সেই সেট ৭-৫ ফলাফলে জিতে ম্যাচ সমতায় ফেরান। কিন্তু নির্ণায়ক সেটে ফের নিজের ছন্দে ফিরে আসেন রায়বাকিনা। ৫-২ এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচ পকেটে পুরে নেন।
এই হারের সঙ্গে ইউএস ওপেনে সাবালেঙ্কার ১৯ ম্যাচ টানা জয়ের কীর্তিও ধুয়েমুছে সাফ হয়ে গেল। টানা তৃতীয় বার খেতাব জয়ের স্বপ্নও পূরণ হল না বেলারুশের তরুণীর। সোমবার থেকে ৯৯ সপ্তাহ পর বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও হারাবেন তিনি।
অন্য দিকে, রায়বাকিনার হাতে শুধু ট্রফিই নয়, গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসের সর্বোচ্চ ৫৫ লক্ষ ডলারের পুরস্কারও উঠল। নিউ ইয়র্কে এত দিনের ব্যর্থতার পর এ বার শহরটাকেই যেন নতুন করে ভালবেসে ফেলেছেন রায়বাকিনা।