জমি দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়
গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক (পিএ) সুমিত রায়। বৃহস্পতিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। সুমিত রায়কে নিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন সিআইডি আধিকারিকেরা।
বৃহস্পতিবার সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের রায় প্রকাশ্যে আসার পরেই অভিষেকের বাড়িতে যায় সিআইডি’ আধিকারিকেরা। বিশাল পুলিশবাহিনী গোটা চত্বর ঘিরে ফেলে।
এই মুহূর্তে কলকাতায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার কারণে বাইরে আছেন তিনি। শালবনি জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত এই সুমিত রায়। দীর্ঘ দিন ধরেই তাকে নিয়ে জলঘোলা চলছিল। অবশেষে গ্রেফতার করা হল তাকে।
উল্লেখ্য, বুধবারই রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল মেহতা। তিনি জানান, গত জুনে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছে। মোট প্রায় ১৫ কোটি টাকা জমা হয়েছে অভিষেকের আপ্তসহায়কের অ্যাকাউন্টে। এই টাকা কোথা থেকে এসেছে, তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন তদন্তকারীরা। অভিষেকের আপ্তসহায়কের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন আছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। সুমিতের হয়ে এজলাসে ছিলেন তাঁর আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ এবং অয়ন ভট্টাচার্য।
জিজ্ঞাসাবাদ- পর্বের ভিডিয়োর লিখিত রেকর্ড বুধবার আদালতে জমা দিয়েছে রাজ্য সরকার। অপরদিকের সুমিতের হয়ে এই সংক্রান্ত একটি লিখিত নথি আদালতে জমা করেন তার আইনজীবীরা। তাতে সলিসিটর জেনারেলের সওয়াল, গত শুনানিতে সুমিতের আইনজীবী অভিযোগ অস্বীকার করলেও লিখিত রেকর্ড থেকে যা বোঝা গেছে তা হল অনেক ক্ষেত্রেরই উত্তর নেই।