সিন্ধু জলচুক্তি নিয়ে আন্তর্জাতিক রায়, দিল্লির প্রত্যাখ্যানে চাপে পাকিস্তান
বাংলা বন্দেমাতরম- সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের পক্ষে বড় আইনি সাফল্য এলেও বাস্তবে সেই রায়ের সুফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হেগের স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration) জানিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি এখনও কার্যকর এবং ভারত একতরফাভাবে সেটি স্থগিত করতে পারে না। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের রাটলে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ নিয়েও ভারতের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তবে রায় প্রকাশের পরই তা মানতে অস্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, সংশ্লিষ্ট সালিশি আদালতের এই বিষয়ে কোনও এখতিয়ার নেই এবং আদালতটি বেআইনিভাবে গঠিত। তাই রায়ের কোনও প্রভাব ভারতের সার্বভৌম সিদ্ধান্ত বা চলমান জলবিদ্যুৎ প্রকল্পের ওপর পড়বে না বলে স্পষ্ট করেছে ভারত।
ফলে কূটনৈতিক ও আইনি দিক থেকে পাকিস্তান সুবিধা পেলেও রায় কার্যকর করানোই এখন ইসলামাবাদের বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, রায়টি পাকিস্তানের অবস্থানকে শক্তিশালী করেছে, কিন্তু ভারতকে সরাসরি রায় মানতে বাধ্য করার মতো কোনও সহজ প্রয়োগ ব্যবস্থা নেই।
এই পরিস্থিতিতে পাকিস্তান আবারও ভারতের সঙ্গে সিন্ধু জলচুক্তির কাঠামোর মধ্যে আলোচনা ও সহযোগিতা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। ফলে জলবণ্টনকে কেন্দ্র করে দুই দেশের পুরনো বিরোধ নতুন করে কূটনৈতিক চাপ ও উত্তেজনার কেন্দ্রে চলে এসেছে।
#Pakistan #Delhi # International Ruling #Waters
Treaty.