লাইনচ্যুত দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস, আংশিক ব্যাহত ট্রেন চলাচল
রবিবার রেল দুর্ঘটনা। বিহারের আরা জংশনে লাইনচ্যুত দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে ওই রুটে রেল চলাচল ব্যাহত হয়েছে বলেই খবর। দুটি কোচ লাইনচ্যুত হয়েছে। এর জেরে রেল চলাচল আংশিকভাবে ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা মৃত্যুর খবর নেই।
রেল আধিকারিকেরা জানিয়েছেন, রবিবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আরা জংশন থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
ইস্ট সেন্ট্রাল রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার সরস্বতী চন্দ্র জানান, দুর্ঘটনার সময় ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। ভোরে সবে মাত্র আরা জংশন থেকে ট্রেনটি চলতে শুরু করেছিল, সেই সময় এই ঘটনা ঘটে। ট্রেনের কম গতি এবং আমাদের ফেইল-সেফ ব্যবস্থার কারণে কোনও প্রাণহানি বা আঘাতের ঘটনা ঘটেনি।”
আরা স্টেশনের স্টেশন ম্যানেজার এন কে রাই জানান, ডানা স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। মহানন্দা এক্সপ্রেস সাসারাম লাইনের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান। স্টেশন ম্যানেজার এন কে রাই আরও জানান, খবর পাওয়ার পরেই তিনি সংরক্ষিত গাড়ির ব্যবস্থা করে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছে তিনি দেখতে পান, দুটি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রতিটি বগির দুটি করে চাকা রেললাইন থেকে বেরিয়ে গিয়েছে।
ইস্ট সেন্ট্রাল রেলের সিপিআরও জানান, দুর্ঘটনার কারণে রেল চলাচল আংশিকভাবে প্রভাবিত হলেও ডাউনলাইন ক্ষতিগ্রস্ত হয়নি। সিপিআরও জানাচ্ছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালকের ভুলে কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তিনি লাল সিগন্যাল অতিক্রম করে গিয়েছিলেন। তবে বিস্তারিত কারণ তদন্তের পরেই স্পষ্ট হবে।