বিজয় হাজারে ট্রফিতে খেলবেন রোহিত
বন্দে মাতরম সংবাদ : পাখির চোখ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। তাই সুযোগ পেলেই খেলতে চাইছেন রোহিত শর্মা। যেহেতু রোহিত এখন শুধু ৫০ ওভারের ক্রিকেট খেলেন, তাই দেশের জার্সিতে সুযোগ কম থাকে। তাই প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না রোহিত। সেই কারণেই ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতাতেও দেখা যাবে তাঁকে। ডিসেম্বর মাসে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন রোহিত।
একদিনের সিরিজ খেলতে আপাতত নিউজিল্যান্ডে রয়েছেন রোহিত। সেখান থেকে ফেরার পর ১৩ থেকে ১৯ ডিসেম্বর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবেন। এর পর দেশে ফিরেই বিজয় হাজারে ট্রফিতে নেমে পড়বেন। মুম্বই ক্রিকেট সংস্থাকে এ কথা জানিয়েছেন রোহিত।
১৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিজয় হাজারের গ্রুপ লিগের খেলা চলবে। ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত হবে নক আউট পর্ব। ৩ জানুয়ারি থেকে আবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সেখানেও খেলবেন রোহিত। ফলে বিজয় হাজারে শুরুর ও শেষের দিকের কয়েকটি ম্যাচ বাদে মুম্বইয়ের হয়ে খেলতে রোহিতের সমস্যা হবে না।
মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘রোহিত আমাদের জানিয়েছে, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর ও বিজয় হাজারেতে খেলতে চায়। আমরা যেন দল তৈরির সময় ওর কথা ভাবি। তবে কতগুলো ম্যাচের জন্য ওকে পাওয়া যাবে, সেটা রোহিত পরে আমাদের জানাবে।’