বিকশিত ভারত গড়ার আগে নিজের মনের বিকাশ চাই: রাজ্যপাল
কুনাল মালিক, বিষ্ণুপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলায় ২৪ সেপ্টেম্বর ব্রহ্মকুমারী সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যপাল আর এন রবি। সংস্থার ৯০তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মিলনমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
ব্রহ্মকুমারী সংস্থা মূলত ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি, নেশামুক্ত সমাজ এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। সংস্থার ৫৬টি দেশে শাখা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল আর এন রবি বলেন, “আমাদের লক্ষ্য বিকশিত ভারত। কিন্তু সবার আগে আমাদের মনের বিকাশ চাই।” তাঁর মতে, ব্রহ্মকুমারী সংস্থা মানুষের মনকে বিকশিত করার কাজ করে চলেছে।
রাজ্যপাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে ব্রহ্মকুমারী সংস্থার শিক্ষা ও ভাবধারা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সংস্থার কার্যকলাপের প্রশংসা করে তিনি বলেন, ভারত গঠনে ব্রহ্মকুমারী সংস্থা গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের কাজ করছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রহ্মকুমারী মুন্নি, ব্রহ্মকুমারী চন্দিকা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।