ব্রেকিং

পুরুলিয়ায় সরকারি হাসপাতালে প্যানক্রিয়াস ক্যান্সারের জটিল অস্ত্রোপচার, সাড়ে ৯ ঘণ্টার লড়াইয়ে সুস্থ রোগী

Saturday, 26 September 2026 at 13:11 Superadmin
Share
পুরুলিয়ায় সরকারি হাসপাতালে প্যানক্রিয়াস ক্যান্সারের জটিল অস্ত্রোপচার, সাড়ে ৯ ঘণ্টার লড়াইয়ে সুস্থ রোগী

পুরুলিয়া, পিউ নন্দী: সরকারি হাসপাতালেই সফল হল প্যানক্রিয়াস ক্যান্সারের মতো জটিল রোগের অস্ত্রোপচার। পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টার অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলেন ৫৮ বছরের এক রোগী। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে গাড়ি ভাড়া করে রোগীকে তাঁর গ্রামে পৌঁছে দিলেন শল্যচিকিৎসক ড. পবন মণ্ডল।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঝালদা ১ নম্বর ব্লকের বিরুডি গ্রামের বাসিন্দা বিরাজ কুমার পেশায় দুধ বিক্রেতা। প্রায় এক দশক ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। একাধিক জায়গায় চিকিৎসা করিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পরে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন তিনি।


পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানতে পারেন, বিরাজবাবুর প্যানক্রিয়াসে টিউমার তৈরি হয়েছে এবং সেটি ক্যান্সারে পরিণত হয়েছে। পরিস্থিতি জটিল হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। ড. পবন মণ্ডলের নেতৃত্বে তৈরি হয় বিশেষ মেডিক্যাল টিম।


গত ২ সেপ্টেম্বর শুরু হয় অস্ত্রোপচার। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে চলে জটিল এই চিকিৎসা প্রক্রিয়া। দীর্ঘ অস্ত্রোপচারের পর সফলভাবে ক্যান্সার আক্রান্ত অংশের চিকিৎসা সম্পন্ন হয়। বর্তমানে রোগী সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


ড. পবন মণ্ডল বলেন, বিরাজ কুমার অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ। দুধ বিক্রি করে তাঁর সংসার চলে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে গাড়ি ভাড়া করে তাঁকে নিজের গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে।


মাত্র ছয় বছর আগে পথচলা শুরু করা দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সীমিত পরিকাঠামোর মধ্যেও এমন জটিল অস্ত্রোপচারকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের এমএসভিপি ড. সুকমল বিষয়ী চিকিৎসক ড. পবন মণ্ডল ও তাঁর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। চিকিৎসার পাশাপাশি রোগীর আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে চিকিৎসকের এই ব্যক্তিগত উদ্যোগও নজর কেড়েছে।