বিপর্যস্ত নেপালে ফের হড়পা বানের আশঙ্কা! প্রাণের খোঁজে চলছে তল্লাশি
বিধ্বস্ত নেপালে ফের দুর্যোগের আশঙ্কা! দুর্ঘটনার পর ৯ দিন অতিক্রান্ত। এখনও প্রাণের খোঁজে চলছে জোরকদমে তল্লাশি। শনিবার সকালে শেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনও সন্ধানহীন ৪৮৯৮। ৮৬৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এই বিপদের মধ্যে ফের ধস নামে দারচুলায়। ফলে ফের বন্যার আশঙ্কায় নেপালবাসীকে সতর্ক করেছে প্রশাসন।
নেপাল প্রশাসন সূত্রে খবর, দারচুলার ধসে চৌলানি নদীর গতিপথ আংশিক রুদ্ধ হয়ে গেছে। ফলে নতুন করে নদীর নীচের দিকের এলাকাগুলিতে আচমকা বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, আপিহিমাল গ্রামীণ পুরসভার ভাট্টার এলাকায় ধসটি নামে। মাটি-পাথর আর আবর্জনা পড়ার ফলে নদীর জলপ্রবাহ রুদ্ধ হয়ে যায়। প্রশাসনের আশঙ্কা, ফের ধস নামলে নদীর গতিপথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে যদি বাঁধ ভেঙে যায় তা হলে আচমকা হড়পা বান নেমে সম্ভাবনা তৈরি হয়েছে।
হড়পা বানে বিপর্যস্ত নেপাল। চারিদিকে স্বজনহারানোর হাহাকার। তার মধ্যেই চলছে প্রাণের খোঁজ। নেপালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিদুর এলাকা। পানীয় জলের ১৫টি উৎসের মধ্যে পাঁচটিতে ই-কোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এই ব্যাকটেরিয়া সাধারণত মানুষ বা পশুর মলে পাওয়া যায়। ফলে নানা ধরণের সংক্রমণ সহ কলেরার আশঙ্কা বাড়ছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানিয়েছেন, নেপালের বন্যায় এখনও পর্যন্ত ২৭৫ জন ভারতীয়ের কোনও খোঁজ নেই। ১৬৬ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। চিন থেকে ১৯০৭ জন ভারতীয়কে নিরাপদে নেপালে ফেরানো হয়েছে। বিপর্যস্ত নেপালে প্রায় ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। উদ্ধার ও ত্রাণকাজে ৫৪ জন বিশেষজ্ঞও পাঠানো হয়েছে।