নেপাল বিপর্যয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার, উত্তরবঙ্গের অবস্থা খতিয়ে দেখতে মঙ্গলেই রওনা মুখ্যমন্ত্রীর
হড়পা বানে বিপর্যস্ত নেপাল। শয়ে শয়ে মৃত্যু, চারদিকে শুধুই হাহাকার। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাহাড়ি এলাকাগুলির অবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন, এই রকম ঘোষণা আগেই ছিল। শনিবার জানা গেল আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার শিলিগুড়িতে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে বৈঠক করবেন। এর পর মুখ্যমন্ত্রীর কালিম্পং যাওয়ার কথা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
হড়পা বানে নেপালের অবস্থা বিধ্বস্ত। প্রতিবেশী দেশ নেপাল। ফলে উত্তরবঙ্গের দুর্যোগের আশঙ্কার মেঘ। হিমবাহ গলা জল পাহাড়ের ঢাল বেয়ে নামতে পারে উত্তরবঙ্গের জন্য ঝুঁকির কারণ হতে পারে। এই অবস্থায় সব ব্যবস্থা খতিয়ে দেখতে উত্তরবঙ্গের রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ দফতরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন।
মুখ্যমন্ত্রী পদে বসেই প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি পাহাড়ে ঘুরতে নয়, কাজের প্রয়োজনেই উত্তরবঙ্গে যাবেন। তাঁর এই বক্তব্য নাম না করেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ থাকলেও, সেই সময়ই বোঝা গিয়েছিল উত্তরবঙ্গ নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত উত্তরবঙ্গ।