১২ বছরের নাবালিকাকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি
ইন্দাস, বাঁকুড়া: টিউশানি পড়ানোর সময় ১২ বছর বয়সী এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি ও কূপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল পেশায় গৃহশিক্ষক তৃনমূলের প্রাক্তন বুথ সভাপতির বিরুদ্ধে। ছাত্রীর পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হতেই তৃনমূলের ওই নেতাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে ইন্দাস থানা এলাকার তৃনমূলের প্রাক্তন বুথ সভাপতি তরুণ দত্ত পেশায় গৃহশিক্ষকতা করেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন পড়ুয়া টিউশানি পড়তে যায় তাঁর কাছে। অন্যান্যদের ছুটি দিয়ে দিলেও অভিযোগ ১২ বছর বয়সী এক পড়ুয়াকে পড়ানোর নাম করে বাড়তি সময় আটকে রাখেন ওই গৃহশিক্ষক। সেই সময় ওই নাবালিকার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযোগ ওই গৃহশিক্ষক নাবালিকাকে কূপ্রস্তাবও দেয়। নাবালিকা প্রতিবাদ করলে বিষয়টি বাড়িতে না জানানোর জন্য গৃহশিক্ষক নাবালিকাকে বিভিন্ন ভাবে চাপ দেয়। পরে ওই নাবালিকা বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারকে জানালে পরিবারের তরফে ওই গৃহশিক্ষকের কাছে ঘটনার কথা জানতে গেলে গৃহশিক্ষক ঘটনার কথা স্বীকার করে বলেও দাবি নিগৃহীতার পরিবারের। পরে ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ইন্দাস থানার পুলিশ ওই গৃহশিক্ষক তথা প্রাক্তন তৃনমূল নেতাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ তোলা হবে বিষ্ণুপুর মহকুমা আদালতে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিগৃহীতার পরিবার।