বিধানসভার অন্দরেই কর্মীর মৃত্যু! বন্ধ শৌচালয়ের দরজা ভেঙে উদ্ধার দেহ, তদন্তে পুলিশ
কলকাতার বিধানসভা চত্বরে সোমবার সকালে ঘটল মর্মান্তিক ঘটনা। ক্যান্টিনের শৌচালয়ের ভিতর থেকে উদ্ধার হল ৬২ বছর বয়সি এক কর্মীর দেহ। মৃতের নাম উমেশচন্দ্র দাস। দীর্ঘদিন ধরে বিধানসভার ক্যান্টিনে কর্মরত ছিলেন তিনি। আচমকা তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই উদ্বেগ ছড়ায় কর্মীদের মধ্যে।
জানা গিয়েছে, তিলজলার বাসিন্দা উমেশচন্দ্র প্রায় ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করছিলেন। কর্মস্থলেই তাঁর থাকার ব্যবস্থা ছিল। সোমবার সকালে নিয়মমাফিক শৌচালয়ে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বিষয়টি নজরে আসতেই কয়েকজন সহকর্মী শৌচালয়ের সামনে যান। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় প্রথমে তাঁকে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তাঁরা। সেখানেই মেঝেতে পড়ে থাকতে দেখা যায় উমেশচন্দ্রকে।
এরপর আর দেরি না করে বিধানসভার সংশ্লিষ্ট আধিকারিকদের খবর দেওয়া হয়। খবর পৌঁছয় হেয়ার স্ট্রিট থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকেও ঘটনার কথা জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কোনও আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও মৃত্যুর কারণ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে নারাজ তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষার সাহায্য নেওয়া হবে।
ঘটনার পর শৌচালয় এবং সংলগ্ন অংশ ঘিরে রেখেছে পুলিশ। কী পরিস্থিতিতে ওই কর্মীর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে তদন্তকারীরা।