ব্রেকিং

শ্রেয়সের পাশে গম্ভীর, বাড়তি গুরুত্ব টেস্টকে

Monday, 2 November 2026 at 15:45 Superadmin
Share
শ্রেয়সের পাশে গম্ভীর, বাড়তি গুরুত্ব টেস্টকে

বন্দে মাতরম সংবাদ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও,অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের রেকর্ড মোটেই উজ্জ্বল নয়। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে ২৬টি ম্যাচের মধ্যে ১৪টি জিতেছেন। ১০টি হেরেছেন। তাঁর আগের অধিনায়ক সূর্যকুমার যাদব ৫২টি ম্যাচের মধ্যে মাত্র আটটি হেরেছিলেন। জিতেছিলেন ৪০টি।

এই পরিস্থিতিতে অধিনায়ক শ্রেয়সের পাশে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচের স্পষ্ট বক্তব্য, ‘অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়েও দুর্দান্ত কাজ করেছে শ্রেয়স। একজন অধিনায়ক ততটাই ভালো, যতটা তাঁর ব্যাটার ও বোলারেরা। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে এর থেকে ভালো আর কী করা যায়?’

গম্ভীর খুব একটা ভুল কিছু বলেননি। টি-টোয়েন্টি দলের বেশির ভাগ ক্রিকেটারই প্রথম বার নিউজিল্যান্ড সফরে গিয়েছেন। তবে মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদবদের মতো অনভিজ্ঞ বোলারদের পাশাপাশি এই দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংদের মতো অভিজ্ঞরা। এছাড়া দুই অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে সে ভাবে সুযোগই দেওয়া হয়নি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে। গম্ভীর যদিও বলছেন, ‘এই দলের ৭০-৮০ শতাংশ ক্রিকেটার প্রথম বার এই দেশে এসেছে। এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। ওরা সেটা করে দেখিয়েছে। এই অভিজ্ঞতা ওদের কাজে লাগবে।’

টি-টোয়েন্টি সিরিজের পর গম্ভীরের ফোকাস এবার ওয়ানডে এবং টেস্ট সিরিজে। তিনি বলছেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে একদিনের ম্যাচ এবং টেস্ট ম্যাচ খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। তাই আমাদের নিখুঁত ভাবে পরিকল্পনা করতে হবে। টেস্ট ও একদিনের সিরিজ কী ভাবে জেতা যায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।’