স্কুলে ভয়াবহ আগুন, পদপিষ্ট হয়ে মৃত্যু! ডিআর কঙ্গোয় প্রাণ গেল অন্তত ২৯ শিশুর
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (DRC) বিদ্রোহী-নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ২৯ জনের। নিহতদের অধিকাংশই স্কুলপড়ুয়া শিশু। স্থানীয় প্রশাসন ও AFC/M23-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ১৯ জন কিশোরী ও ৫ জন কিশোর রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বুকাভুর চিমপুন্ডা এলাকায়। স্থানীয় সময় প্রায় সকাল ৮টা নাগাদ একটি বসতিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় এবং পৌঁছে যায় উজামা প্রাইমারি স্কুল ও ফুরাহা সেকেন্ডারি স্কুলে। আগুনের তীব্রতায় বহু পড়ুয়া আতঙ্কিত হয়ে স্কুল থেকে বেরোনোর চেষ্টা করে।
তবে বেরোনোর সময়ই ঘটে ভয়াবহ বিপত্তি। আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে হুড়োহুড়িতে পদপিষ্ট হন বহু পড়ুয়া। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন, আবার অনেকে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় আধিকারিকদের দাবি, মৃতদের কয়েকজনের মৃত্যু হয়েছে এই পদপিষ্ট হওয়ার ঘটনাতেই।
আগুনে স্কুল দুটির পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে প্রায় ৫০ জন পড়ুয়াকে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছেন এক নার্স। তাঁদের অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছিল।
AFC/M23-এর মুখপাত্র লরেন্স কানিউকা জানিয়েছেন, আহত ২৯ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাঁদের মধ্যে ২১ জনকে রাখা হয়েছে আইসিইউতে। গুরুতর আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েকদিনে বুকাভুতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রবিবারের একটি আগুনে ৪৫টিরও বেশি বাড়ি পুড়ে যায়।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রুয়ান্ডা-সমর্থিত AFC/M23 বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বুকাভু। বিদ্রোহী নিয়ন্ত্রিত এই শহরে এমন মর্মান্তিক ঘটনায় নতুন করে নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।