ব্রেকিং

বিবি গ্রাউন্ডের বিকল্প স্বামী বিবেকানন্দ নামাঙ্কিত ক্রীড়াঙ্গন পেতে চলেছে বজবজবাসী

Friday, 25 September 2026 at 11:43 Superadmin
Share
বিবি গ্রাউন্ডের বিকল্প স্বামী বিবেকানন্দ নামাঙ্কিত ক্রীড়াঙ্গন পেতে চলেছে বজবজবাসী


কুনাল মালিক, বজবজ : দীর্ঘদিনের মাঠ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভের পর এবার বিকল্প ক্রীড়াঙ্গন তৈরির উদ্যোগ শুরু হল বজবজে। কলকাতা পোর্ট ট্রাস্টের জমিতে প্রায় ৩ বিঘা জায়গা জুড়ে নতুন ক্রীড়াঙ্গন গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রস্তাবিত ক্রীড়াঙ্গনের নাম স্বামী বিবেকানন্দের নামে করার জন্য কলকাতা পোর্ট ট্রাস্টের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিধানসভার হুগলি নদীর তীরবর্তী এলাকায় কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জায়গা দীর্ঘদিন ধরে বিবি গ্রাউন্ড নামে পরিচিত ছিল। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি প্রবীণ নাগরিকরা নিয়মিত ওই মাঠ ব্যবহার করতেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজেও মাঠটি ব্যবহার করা হত। অভিযোগ, আচমকাই ওই জায়গা পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয় এবং মাঠে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পরেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়ায়। নাগরিক কনভেনশনের পাশাপাশি ক্রীড়াপ্রেমী, ছাত্র ও যুবকদের নিয়ে প্রতিবাদ মিছিলও হয়। তাঁদের দাবি ছিল, সাধারণ মানুষের জন্য বিবি গ্রাউন্ড খুলে দিতে হবে।

এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে উদ্যোগ নেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ২০২৪ সালের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। বজবজে একটি চা-চক্রের আয়োজন করে তিনি বিকল্প ক্রীড়াঙ্গন তৈরির বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। এরপরই বিকল্প জায়গা হিসেবে বজবজ ১ নম্বর ওয়ার্ডের কোমাগাতামারু এলাকার কাছে কলকাতা পোর্ট ট্রাস্টের প্রায় ৩ বিঘা জমি চিহ্নিত করা হয়। প্রায় ৪২ হাজার বর্গফুট জমিতে নতুন ক্রীড়াঙ্গন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে অভিজিৎ দাস ও পোর্ট ট্রাস্টের আধিকারিকরা প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেছেন। ক্রীড়াঙ্গন তৈরির কাজও শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রস্তাবিত জায়গাটিতে হাঁটার জন্য আলাদা পথ, বিশ্রামকক্ষ এবং একটি দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। দীপাবলির আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের দাবি।

অভিজিৎ দাস বলেন, বিবি গ্রাউন্ডের বিকল্প হিসেবে নতুন ক্রীড়াঙ্গন তৈরির বিষয়ে তিনি শুরু থেকেই আশাবাদী ছিলেন। তাঁর দাবি, কলকাতা পোর্ট ট্রাস্টের সহযোগিতায় বজবজবাসী একটি নতুন ক্রীড়াঙ্গন পেতে চলেছেন। তিনি আরও জানান, বজবজের সঙ্গে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক যোগসূত্র থাকায় ক্রীড়াঙ্গনের নাম তাঁর নামে করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অভিজিৎ দাসের আরও দাবি, রাজ্যে বর্তমানে বিজেপির সরকার থাকায় প্রশাসনিক সহযোগিতায় এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়ে ক্রীড়াঙ্গনের উদ্বোধন করানোর ইচ্ছার কথাও জানান তিনি।

বজবজের বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সবিতা চৌধুরী বলেন, তাঁরা যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়নের চেষ্টা করেন। তাঁর দাবি, নতুন ক্রীড়াঙ্গন তৈরি হওয়ায় ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিশেষভাবে খুশি।