ব্রেকিং

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা! ভিজবে কলকাতাও? কী বলছে ওয়েদার রিপোর্ট?

Wednesday, 9 September 2026 at 15:38 Superadmin
Share
বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা! ভিজবে কলকাতাও? কী বলছে ওয়েদার রিপোর্ট?

আর কয়েকদিন পরেই বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কেনাকাটাও শুরু হয়ে গেছে। তবে বাধ সাধছে বৃষ্টি। ভারী থেকে অতিভারী বৃষ্টিতে নাজেহাল সাধারণ অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়ারা। সেইসঙ্গে পুজোর শপিং করতে বেরিয়ে চুপচুপে ভিজে হয়ে ফিরতে হচ্ছে। এদিনে আবহাওয়া দফতরের আশঙ্কা বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে বঙ্গে বাড়ছে বৃষ্টির ভ্রুকুটি। একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি আছে, তার মধ্যে আবহাওয়া দফতরের সতর্কবার্তা চিন্তার পারদ বাড়িয়ে তুলেছে। নিম্নচাপ তৈরি হয়ে স্থলভাগের দিকে এগিয়ে এলে তা কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। 

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ শুরুবার তৈরি হতে পারে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সেটি ঘনীভূত হবে বলে প্রাথমিকভাবে খবর। এছাড়াও মৌসুমি অক্ষরেখা দিঘার উপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই তিন জেলাতে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে তিরিশ থেকে ৪০ কিলোমটার দমকা বাতাস বইতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি।

বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে সপ্তাহান্তে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই খবর। 

উত্তরবঙ্গে আজ ও আগামী কাল বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়বে। 

শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।