‘আয়ুষ্মান ভারত’ সফলভাবে বাস্তবায়িত হয়েছে, সমাজমাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রীর
‘আয়ুষ্মান ভারত’ সফলভাবে বাস্তবায়িত হয়েছে, সমাজমাধ্যমের পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী পোস্ট করেন, ‘আয়ুষ্মান ভারত PM-JAY (প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা) প্রকল্পের মাধ্যমে সবার জন্য সহজলভ্য, উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের নিরন্তর প্রচেষ্টা আজ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত PM-JAY (প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা)-এর বাস্তবায়নে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রাজ্যে ৩.২৩ কোটিরও বেশি উপভোক্তা এখন ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার আওতায় নথিভুক্ত হয়েছেন।
পশ্চিমবঙ্গের ৩১,৫৪১জন আর্থিকভাবে দুর্বল সহনাগরিক আয়ুষ্মান ভারত PM-JAY যোজনায় তালিকাভুক্ত চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে এখনো পর্যন্ত নগদবিহীন চিকিৎসা পরিষেবা পেয়েছেন বা পাচ্ছেন।
রোগাক্রান্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা, পরিযায়ী শ্রমিক এবং চিকিৎসার প্রয়োজন থাকা ৭১৬ জন মানুষ রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্তের উন্নত চিকিৎসা প্রতিষ্ঠানে আয়ুষ্মান ভারত PM-JAY প্রকল্পে নির্বিঘ্নে ভর্তির ও চিকিৎসার সুফল পেয়েছেন বা পাচ্ছেন।
আয়ুষ্মান ভারত PM-JAY প্রকল্পের আওতায় থাকা রাজ্যের জনসাধারণ চিকিৎসার জন্য আগামীদিনে আরোও বেশী করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে উপকৃত হবেন। গ্রাম থেকে শহর, রাজ্যের বিভিন্ন প্রান্তে, স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।
সম্মানীয় প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথে আয়ুষ্মান ভারত PM-JAY-এর হাত ধরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা এগিয়ে চলেছে। আগামী দিনে অর্থের অভাবে যাতে কোনও মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন সে বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তৎপর।’
উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে কেন্দ্র সরকারের তরফে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পকে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিল মোদি সরকার। কিন্তু সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে সেই সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করে। সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, রাজ্যের মানুষের সুবিধার জন্য ‘স্বাস্থ্য সাথী’ রয়েছে। ফলে কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হয় রাজ্যবাসী। তৃণমূল সরকারের দুর্নীতিরাজের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতা আসে বিজেপি সরকার। এর পর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো কেন্দ্রের একাধিক প্রকল্পের মতো বাংলায় স্থান করে নেয় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প।