ব্রেকিং

অ্যালকোহল পরীক্ষায় ফেল! সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার পাইলট

Friday, 25 September 2026 at 18:33 Superadmin
Share
অ্যালকোহল পরীক্ষায় ফেল! সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার পাইলট

বন্দে মাতরম সংবাদ, জুরিখ: ফের যাত্রী সুরক্ষা নিয়ে বড়োসড়ো প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া। ফুকেট-দিল্লি রুটে গাঁজা বা মাদক সেবনের রেশ কাটতে না কাটতেই এবার জুরিখে অ্যালকোহল পরীক্ষায় ফেল করে সাসপেন্ড হলেন এয়ার ইন্ডিয়ার এক ফার্স্ট অফিসার (কো-পাইলট)। ঘটনাটি ঘটেছে জুরিখ বিমানবন্দরে, দিল্লিগামী একটি ফ্লাইট (এআই ১৫১) ছাড়ার ঠিক আগের মুহূর্তে। 

জানা গেছে, বিমানটি ওড়ার ঠিক আগে অ্যালকোহল পরীক্ষা বা ব্রেথলাইজার পরীক্ষা করা হয়। সেই প্রাথমিক পরীক্ষায় ওই পাইলট ব্যর্থ হন। সঙ্গে সঙ্গে তাঁকে বিমান পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাঁকে সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফেরত পাঠানো হয়। বিমান সংস্থার পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি চূড়ান্ত মেডিক্যাল পরীক্ষার রিপোর্টও এখনও পাওয়া যায়নি। তদন্ত ও সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলটের সাসপেনশন বহাল থাকবে।

এই ঘটনার মাত্র কিছুদিন আগেই ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় ধরনের বিপত্তি ঘটেছিল। মাঝ আকাশে বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে গিয়েছিল, যার জেরে বেশ কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য আহত হন। সেই ফ্লাইটের পাইলট-ইন-কম্যান্ডের ড্রাগ টেস্টে মারিজুয়ানা বা গাঁজা পজিটিভ আসায় তাঁকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিরাপত্তা, নিয়ন্ত্রক সংস্থার বিধি এবং প্রতিষ্ঠানের নির্ধারিত প্রোটোকল লঙ্ঘনের ক্ষেত্রে তাদের নীতি কঠোর। কোনও অভিযোগ বা নিয়মভঙ্গ তদন্তে নিশ্চিত হলে নিয়ন্ত্রক বিধি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

বিমান সংস্থাটি আরও জানিয়েছে, বিমানকর্মীদের মধ্যে নিয়ম মেনে চলা, দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত সচেতনতা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। বিমানকর্মীদের জন্য সাইকোঅ্যাক্টিভ পদার্থের পরীক্ষাও বাধ্যতামূলক।

একের পর এক এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে এয়ার ইন্ডিয়ার যাত্রী নিরাপত্তায় পাইলটদের ফিটনেস ও কড়া নজরদারি নিয়ে ফের বড়োসড়ো প্রশ্ন চিহ্ন তৈরি হল।