Mann Ki Baat: 'সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি’, সার্জিক্যাল স্ট্রাইকের ১০ বছর পূর্তিতে মন কি বাত থেকে সোচ্চার প্রধানমন্ত্রী
‘
বন্দে মাতরম সংবাদ, নয়াদিল্লি: ১৩৮তম মন কি বাত অনুষ্ঠান থেকে আজ ফের একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে সোচ্চার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দেশের নিরাপত্তা, ইতিহাস, পরিবেশ এবং যুবসমাজ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক-এর সফল ১০ বছর পূ্র্তি নিয়ে কথা বলেন। ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বালাকোট এয়ারস্ট্রাইক এবং অপারেশন সিন্দুর— প্রতিটি পদক্ষেপে ভারত দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল এবং দেশের সুরক্ষায় কড়া জবাব দেওয়া হবে। বিশ্ব হিন্দু পরিষদের (VHP) প্রাক্তন আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অশোক সিংহলজির জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। রাম জন্মভূমি আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর দেখানো পথ ও শক্তির ফলেই আজ অযোধ্যায় আমরা এক বিশাল রাম মন্দির দেখতে পাচ্ছি।
দেশের যুবসমাজকে ড্রাগস ও নেশার বিরুদ্ধে সচেতন করতে চলমান 'নশা মুক্ত যুব অভিযান'-এর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 'মাই ভারত' প্ল্যাটফর্মের মাধ্যমে যুবসমাজ বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং একে একটি গণআন্দোলনে রূপ দিয়েছে।
সুন্দরবনের ঝাড়খালির নারীদের পরিবেশ রক্ষার উদ্যোগের কথা তুলে ধরেন মোদি। বাঘের আক্রমণে স্বজন হারানো এই মহিলারা আজ নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি ম্যানগ্রোভ জঙ্গল তৈরি করে গ্রামগুলিকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার ক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন করেছেন।
দেশজুড়ে চলমান জনগণনা প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে এগিয়ে চলায় দেশবাসীকে ধন্যবাদ জানান এবং এতে সকলের পূর্ণ সহযোগিতার আহ্বান জানান।