‘মাথায় হেলমেট নেই কেন? কিছু হলে কী হবে?’ পুজোর ভিড়ে রাস্তায় নেমে দিনভর ট্রাফিক সামলালেন মন্ত্রী মৌমিতা
বন্দে মাতরম সংবাদ, বর্ধমান:
পুজোর আনন্দে যখন মেতে উঠেছে শহর, তখন উৎসবের ভিড়ে যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা এড়ানোর বার্তা দিতে রাস্তায় নামলেন রাজ্যের শিল্প দফতরের প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। সপ্তমীর দিন দুপুর থেকে রাত পর্যন্ত বর্ধমান শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাঁকে। হেলমেটহীন বাইক আরোহীদের সতর্ক করা থেকে শুরু করে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সহযোগিতা—সব মিলিয়ে পুজোর ভিড়ে অন্য ভূমিকায় দেখা গেল মন্ত্রীকে।
পুজোর সময় রাস্তায় বাইক ও গাড়ির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দুর্ঘটনার আশঙ্কাও। সেই পরিস্থিতিতে হেলমেট ছাড়া বাইক চালাতে দেখলেই আরোহীদের থামিয়ে প্রশ্ন করেন প্রতিমন্ত্রী মৌমিতা। তিনি হেলমেট বিহীন আরোহীদের বলেন, 'মাথায় হেলমেট না থাকলে দুর্ঘটনার সময় বড় বিপদ হতে পারে।' পাশাপাশি বাইক আরোহীদের উদ্দেশে তিনি জানতে চান, ‘মাথায় হেলমেট নেই কেন? কিছু হলে কী হবে?’
শুধু সতর্ক করেই থেমে থাকেননি তিনি। ট্রাফিক আইন অমান্য করলে জরিমানার মুখে পড়তে হতে পারে বলেও বাইক চালকদের সাবধান করেন। উৎসবের আনন্দে যেন নিরাপত্তার কথা ভুলে না যান কেউ, সেই বার্তাই দিতে চেয়েছেন মন্ত্রী।
হেলমেটহীন বাইক চালানোর পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়েও কড়া মনোভাব দেখান মন্ত্রী। প্রসঙ্গত, মদ্যপ অবস্থায় চারচাকা চালানোর অভিযোগে কয়েক জন চালক ও আরোহীর বিরুদ্ধে পদক্ষেপ করতে পুলিশকে উদ্যোগী হতে দেখা যায়। অভিযুক্তদের থানায় পাঠানোর ব্যবস্থাও করা হয় বলে জানা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকার বার্তা দেন মন্ত্রী।সপ্তমীর দুপুর থেকে রাত পর্যন্ত বর্ধমান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের পরিস্থিতির উপর নজর রাখেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রা।