কামতাপুরের দাবি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
কোচবিহার: উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক কর্মসূচিতে উল্লেখযোগ্য বক্তব্য রেখেছেন তিনি। এবার কামতাপুরের দাবি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে উল্লেখযোগ্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলাদা রাজ্যের দাবিতে আন্দোলনরত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। মঙ্গলবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দুহাত ভরে তাঁরা ভোট দিয়েছেন, তাঁরা আমার সঙ্গে কথা বলতে পারেন। তাঁদের সমস্যার কথা অবশ্যই শুনব। গণতান্ত্রিক দেশে প্রত্যেকের নিজস্ব অধিকার রয়েছে।’
মুখ্যমন্ত্রী জানান, আন্দোলনকারীরা কলকাতায় সচিবালয়ে এসে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। উত্তরবঙ্গে তাঁর নিয়মিত প্রশাসনিক সফরের সময় উত্তরকন্যাতেও প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করতে পারেন। এমনকি কোচবিহারে দেখা করার ইচ্ছা থাকলেও তাঁদের সঙ্গে কথা বলতে তিনি প্রস্তুত বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহার সফরে এসে মঙ্গলবার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে জেলার আইনশৃঙ্খলা, সীমান্ত পরিস্থিতি, পরিকাঠামো ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিয়েও প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
বৈঠক শেষে কোচবিহারের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় সড়ক সম্প্রসারণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত সুরক্ষিত রাখতে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। তাঁর বক্তব্য, সীমান্ত সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় জমি দিতে হবে।