Gautam Adani: ‘পশ্চিমবঙ্গ আমার দ্বিতীয় কর্মভূমি’ বাংলায় লক্ষ টাকা বিনিয়োগের ঘোষণা আদানির
বন্দে মাতরম, সংবাদ: বাংলায় ১ লক্ষ টাকা বিনিয়োগ করবেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ২০৩৫ সালের মধ্যেই এই বিনিয়োগ হবে বলে ঘোষণা করলেন এই শিল্পপতি। কলকাতার নিউ টাউনে ‘আদানি আরোগ্য মন্দির’ নামক একটি মেগা স্বাস্থ্য প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘোষণা করা হয়। স্বাস্থ্যখাতে ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ।
নিউ টাউনের অ্যাকশন এরিয়া ২-এ প্রায় ৫২ একর জমির উপর গড়ে উঠতে চলেছে ২০০০ শয্যাবিশিষ্ট 'আদানি আরোগ্য মন্দির'। এটি একটি অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান হতে চলেছে, যার মধ্যে ১০০০টি বেড সম্পূর্ণভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া ও দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত থাকবে।
এই হাসপাতালে একটি আধুনিক মেডিকেল কলেজ ও বায়ো-মেডিকেল গবেষণা কেন্দ্রও থাকবে। এই প্রকল্পে ৪,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হচ্ছে, যার মাধ্যমে প্রায় ১০,০০০ মানুষের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে।
বাংলায় শিল্প উন্নয়নে বড়ো ঘোষণা আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির। শুধু স্বাস্থ্যক্ষেত্রেই নয়, ২০৩৫ সালের মধ্যে পরিকাঠামো এবং শিল্প উন্নয়নের বিভিন্ন খাতে বাকি অর্থ বিনিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে বন্দর ও লজিস্টিকস, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বণ্টন, সড়ক, সেতু ও রোপওয়ে নির্মাণ, গ্রিন সিমেন্ট উৎপাদন হাইপারস্কেল ডেটা সেন্টার। ঐতিহ্য ও শহরের সংস্কার পরিকাঠামো ও শিল্পের পাশাপাশি কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং এবং কুমোরটুলি ঘাটের মতো ঐতিহ্যশালী স্থানগুলির সংস্কার ও পুনর্নির্মাণের কাজেও আদানি গোষ্ঠী সহায়তা করবে বলে ঘোষণা করা হয়েছে।
গৌতম আদানি গুজরাতের পর পশ্চিমবঙ্গকে তাঁর দ্বিতীয় 'কর্মভূমি' হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, বাংলার ভৌগোলিক অবস্থান এবং বঙ্গোপসাগরের সান্নিধ্যের কারণে এই রাজ্যটি উত্তর-পূর্ব ভারত ও শিল্পাঞ্চলগুলির মধ্যে লজিস্টিকস ও সামুদ্রিক যোগাযোগের ক্ষেত্রে এক অনন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে।