ব্রেকিং

Minister Agnimitra Paul: বিরাট জরিমানার হুঁশিয়ারি, কল্যাণী থেকে বেআইনি নির্মাণে কড়াবার্তা অগ্নিমিত্রার

Thursday, 1 October 2026 at 17:33 Superadmin
Share
Minister Agnimitra Paul: বিরাট জরিমানার হুঁশিয়ারি, কল্যাণী থেকে বেআইনি নির্মাণে কড়াবার্তা অগ্নিমিত্রার

পিয়ালি বোস, কল্যাণী: বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্পষ্ট জানিয়ে দিলেন, নিয়ম না মেনে তৈরি হওয়া বেআইনি নির্মাণের ক্ষেত্রে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘স্বচ্ছ অ্যাকশন প্ল্যান ২০২৬’ ও ‘নামো সেবা গাথা সংকল্প অভিযান’-এর কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল, সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক অনুপম বিশ্বাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা।  


এই অনুষ্ঠানে স্বচ্ছতা অভিযানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘এটি কেবল একদিনের ছবি তোলার অনুষ্ঠান নয়‌। সাধারণ মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা ও চারপাশে স্থায়ী পরিবেশগত পরিচ্ছন্নতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি রাস্তাঘাটের গর্ত, ফুটপাতে বেআইনিভাবে জমানো নির্মাণ সামগ্রী বা ময়লা সংক্রান্ত সমস্যা দ্রত সমাধানে সাধারণ মানুষকে ‘স্বচ্ছ অ্যাপ’ ব্যবহারের আহ্বান জানাচ্ছি। অ্যাপে সমস্যা ও ছবি আপলোড করলে দু’ঘণ্টার মধ্যে পুরসভা বা পুরনিগমের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’


এছাড়াও তিনি এই দিনের অনুষ্ঠান থেকে আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে মহালয়া এবং দুর্গাপুজোর আগে ১০ অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা ঠিক ও চলাচলের উপযোগী করে তোলা হয়। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর, পূর্ত দফতর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, রেল এবং পোর্ট—সকল দফতর একযোগে কাজ করছে।’  


ইতিমধ্যেই রাজ্যজুড়ে রাস্তা মেরামতের কাজ তদারকি করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাধিক বৈঠক করা হয়েছে। মাঠপর্যায়ে কাজ ত্বরান্বিত করতে নগর স্থানীয় সংস্থাগুলির কাছে প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আরও অর্থ প্রদানের প্রক্রিয়া চলছে। ইউডিএমএ দফতরের আওতায় পুরো বাংলা জুড়ে প্রায় ৩,০৮১টিরও বেশি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।  


যদি কোনও এলাকার রাস্তা সংস্কার বাকি থাকে বা পঞ্চায়েত বা পুরসভার অধীনস্থ কোনও রাস্তায় সমস্যা থেকে যায়, তবে নাগরিকরা সরাসরি দফতরের দেওয়া গ্রিভেন্স সেল নম্বর বা হোয়াটসঅ্যাপ-এ যোগাযোগ করে জানাতে পারেন। খবর পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা পাল।