ব্রেকিং

বিদায় বেলায় ৩০০ বছরের ঐতিহ্য নিয়ে আজও আবেগে ভাসে মানবাজার

Friday, 23 October 2026 at 01:53 Superadmin
Share
বিদায় বেলায় ৩০০ বছরের ঐতিহ্য নিয়ে আজও আবেগে ভাসে মানবাজার
মানবাজারের খাটচিরি গ্রামে বিসর্জনে মানুষের ঢল

বন্দে মাতরম সংবাদ, মানবাজার: 


যুগ যুগ ধরে হয়ে আসছে এই রীতি আর সেই রীতি মেনেই প্রতিমা বিসর্জন করা হয় পুরুলিয়ার মানবাজারে।পুরুলিয়ার মানবাজারের খাটচিরি গ্রামে প্রায় ৩০০ বছরের প্রাচীন দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন ঘিরে আজও সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দেবীকে বিদায় জানানোর মুহূর্তে আনন্দের উচ্ছ্বাসের আড়ালে যেন লুকিয়ে থাকে একরাশ মনখারাপ।

এই পুজোর অন্যতম বিশেষত্ব, মন্দির থেকে দেবীপ্রতিমাকে কাঁধে করে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই রীতি আজও বহন করে চলেছে প্রাচীন ঐতিহ্যের গৌরব। এই অনন্য দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ গাড়ি ভাড়া করে ছুটে আসেন খাটচিরিতে। প্রতিমা নিরঞ্জনকে ঘিরে পুকুরের দুই তীরে জমে ওঠে মানুষের উপচে পড়া ভিড়।

ঢাকের আওয়াজ, মানুষের উন্মাদনা আর দেবীকে বিদায় জানানোর আবেগে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সময় বদলেছে, বদলেছে প্রজন্ম, কিন্তু বদলায়নি খাটচিরির এই ঐতিহ্য। এ যেন শুধু প্রতিমার বিসর্জন নয়, তিন শতাব্দীর বিশ্বাস, ভালোবাসা আর শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এক হৃদয়স্পর্শী আবেগের বিদায়বেলা।