ব্রেকিং

শনিবার পর্যন্ত চলবে বিসর্জন, ২৪ ঘণ্টা পরিষেবা দেবে পুরসভা

Friday, 23 October 2026 at 00:58 Superadmin
Share
শনিবার পর্যন্ত চলবে বিসর্জন, ২৪ ঘণ্টা পরিষেবা দেবে পুরসভা
বাগবাজার ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন

বন্দে মাতরম সংবাদ,কলকাতা:


দুর্গাপ্রতিমা নিরঞ্জন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিসর্জন চলবে বিভিন্ন ঘাটে। এই বিসর্জনের দিনগুলিতে পুরসভার পক্ষ থেকে ২৪ ঘণ্টাই চালু থাকবে পরিষেবা। বিভিন্ন পদ ও দফতরের মোট ৬১১ জন পুরকর্মী দায়িত্বে থাকবেন। কলকাতা পুরসভা এলাকার মোট ২৭টি ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। গুরুত্বপূর্ণ ঘাটগুলির মধ্যে রয়েছে বাজে কদমতলা ঘাট, জাজেস ঘাট, দই ঘাট, নিমতলা ঘাট, আহিরীটোলা ঘাট, বিচালিঘাট, শোভাবাজার ঘাট, রতনবাবুর ঘাট, সর্বমঙ্গলা ঘাট ও কুমোরটুলি ঘাট-সহ মোট ২৭টি ঘাট।  

২৪ ঘণ্টা মোতায়েন থাকবে কলকাতা পুরসভার ৪৩টি মেডিক্যাল টিম। জরুরি পরিস্থিতির মোকাবিলায় থাকবে ৭টি অ্যাম্বুল্যান্স। ঘাটগুলিতে নজরদারির জন্য ৮টি ভেক্টর কন্ট্রোল টিম মোতায়েন করা হয়েছে। রতনবাবুর ঘাট থেকে বিচালিঘাট পর্যন্ত জলপথে এনডিআরএফের ৮টি দল মোতায়েন থাকবে। প্রতিটি দলে ৩৫ জন করে কর্মী-সহ ৫৬ জন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে মোতায়েন করা হয়েছে। তাঁদের সঙ্গে থাকবে ৭টি মোটরচালিত নৌকা, লাইফ জ্যাকেট, লাইফ বয় ও ডুবুরি। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে ২৮টি জলের ট্যাঙ্কার রাখা হয়েছে। পুরসভার তরফে থাকছে ১২টি বায়ো টয়লেটের ব্যবস্থা। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং জনসচেতনতার জন্য নির্দেশিকা-সহ থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম।

প্রতিমা নিরঞ্জন সুষ্ঠু ভাবে পরিচালনায় কলকাতা পুরসভার পার্কস অ্যান্ড স্কোয়ার, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আলো, সিভিল ও স্বাস্থ্য দফতরের পাশাপাশি কলকাতা পুলিশ, সেচ দফতর, বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দফতর, এনডিআরএফ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় রাখা হচ্ছে।