বিসর্জনের পরেই রণক্ষেত্র আরামবাগের সতীতলা! বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুর, আটক ৬
সুশোভন বন্দ্যোপাধ্যায়, হুগলি:
বিজয়া দশমীর আনন্দ মুছতেই অশান্তির আগুনে উত্তপ্ত আরামবাগের সতীতলা। বুধবার সন্ধ্যায় দুর্গাপ্রতিমা বিসর্জনের অনুষ্ঠান শেষ হতেই দুই পাড়ার মধ্যে বচসা থেকে সংঘর্ষের অভিযোগ। মারধর, বাড়িতে ঢুকে হামলা এবং জানলার কাচ ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উৎসবের আবহে এই অশান্তি ঘিরে উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
স্থানীয় সূত্রে খবর, বিসর্জনের সময় কয়েকটি শিশুর আনন্দ করা ঘিরে বচসার সূত্রপাত। অভিযোগ, সেই সময় শিশুদের সঙ্গে বচসা ও মারধরের ঘটনা ঘটে। আহত শিশুদের পরিবারের কাছে খবর পৌঁছতেই সতীতলার কয়েকজন প্রতিবেশী ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, বাঁধপাড়া এলাকা থেকে প্রায় ৭০-৮০ জন যুবক সতীতলার একাংশ বাড়িতে ঢুকে হামলা চালায়। মারধরের পাশাপাশি বাড়ির জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। যদিও হামলার কারণ এবং অভিযুক্তদের ভূমিকা এখনও পুলিশের তদন্তাধীন।
খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় অতিরিক্ত বাহিনী। ঘটনাস্থলে যান আরামবাগ থানার আইসি সমিত তালুকদার এবং বিজেপি নেতৃত্ব সুমন তিওয়ারি। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সূত্রের খবর, তিন মহিলা ও তিন পুরুষ-সহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। বিসর্জন ঘিরে বচসা কীভাবে সংঘর্ষে রূপ নিল, কারা হামলায় জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। উৎসবের আনন্দে এমন অশান্তিতে আতঙ্কিত বাসিন্দারা। এলাকায় শান্তি ফেরাতে চলছে পুলিশি নজরদারি।