দু’মুখো সাপ! গুজরাটে অদ্ভুতদর্শন সরীসৃপ ঘিরে কৌতূহল
বন্দে মাতরম সংবাদ, গান্ধীনগর: প্রবাদবাক্য দু’মুখো সাপ কথাটি এবার বাস্তবে! গুজরাটের দাহোদের এক খামারবাড়িতে এই দু’মুখো সাপের দেখা মিলেছে। বাদামি রঙের আঁশে ঢাকা, সারা শরীর জুড়ে রয়েছে সাদা রঙের ডোরাকাটা দাগ। দৈর্ঘ্যে প্রায় ছয় ইঞ্চি। অদ্ভূতদর্শন এই সাপকে দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। যার মুখ দুটি। সাপের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয়রাই ‘দাহোদ প্রকৃতি মন্ডল’ খবর দেন। খবর পেয়ে সেখান থেকে লোক এসে দু’মুখো সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। সাপটিকে ‘উল্ফ সাপ’ হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি নির্বীষ প্রকৃতির, মানুষের জন্য ক্ষতিকর নয়।
সাপটির শরীরে একটির জায়গায় দু’টি মাথা এবং চারটি চোখ থাকার কারণ সেটি ‘বাইসেফালি’ নামের এক বিরল বিকাশগত অবস্থায় আক্রান্ত। যে সকল প্রাণীদের ‘বাইসেফালি’ থাকে, সেগুলির একটির জায়গায় দু’টি মাথা হতে দেখা যায়। সাধারণত স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ, উভচর এবং মাছের মধ্যে অনেক সময় এই অবস্থা দেখা যায়। ভ্রূণের অস্বাভাবিক গঠনের কারণে অনেক সময় এই ধরনের অবস্থার শিকার হতে হয়।
বিজ্ঞানীদের কথায়, এখনও পর্যন্ত ভারতে পাঁচটি সাপের মধ্যেই এই অবস্থা দেখা গিয়েছে। সেই দলে রয়েছে দু’টি গোখরো এবং তিনটি উল্ফ সাপ। গুরুতর প্রতিবন্ধকার শিকার এই ধরনের প্রাণী। আশ্চর্য বিষয় এই সাপটির দুটি মাথাই স্বাধীনভাবে কাজ করে। এই ডিসঅর্ডার বিভিন্ন সমস্যা তৈরি করে তাদের জন্য। ‘কন্টেন্টকিকামি’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।