মুর্শিদাবাদে অগ্নিকাণ্ডে আহত দুই ভাই
বন্দে মাতরম সংবাদ: মুর্শিদাবাদের সাগরদিঘির গাঙ্গাড্ডা গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। গ্যাস সিলিন্ডারে আগুন লাগার জেরে গুরুতর আহত হলেন দুই ভাই। আহতদের নাম ধ্রুব মুখার্জি, বয়স আনুমানিক ৬০ বছর এবং বরুণ মুখার্জি, বয়স ৫৮ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় দুই ভাই বাড়ির ভিতরে পুজো-অর্চনা করছিলেন। সেই সময় আচমকাই কীভাবে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে গোটা ঘরের মধ্যে।
শুধু বাড়িতেই নয়, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাড়ির পাশের ধানের গোলাতেও। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় আহত দুই ভাইকে উদ্ধার করে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা অন্যত্র রেফার করেছেন বলে জানা গিয়েছে।
কিন্তু কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ড? গ্যাস সিলিন্ডার থেকেই কি আগুনের সূত্রপাত, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে।
গাঙ্গাড্ডা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আহত দুই ভাইয়ের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা।