ব্রেকিং

India-Bangladesh Tourist Visa: পুনরায় চালু হল ভারত-বাংলাদেশের মধ্যে পর্যটন ভিসা, নদিয়ার গেদে সীমান্তে খুশির হাওয়া

Monday, 21 September 2026 at 19:59 Superadmin
Share
India-Bangladesh Tourist Visa: পুনরায় চালু হল ভারত-বাংলাদেশের মধ্যে পর্যটন ভিসা, নদিয়ার গেদে সীমান্তে খুশির হাওয়া

বন্দে মাতরম, সংবাদ: দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু হয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। সেইসময় শুধু জরুরি মেডিকেল ও সীমিত পরিসরে কিছু ক্যাটাগরির ভিসা চালু রাখা হয়েছিল। ফের ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু হচ্ছে।


ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র (IVAC) পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এই ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা করেন। গত ২৮ জুন থেকে আনুষ্ঠানিকভাবে এই ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় চিকিৎসা বা জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ ভ্রমণপিপাসু, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের যাতায়াতে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছিল। ভিসা পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যকার পর্যটন শিল্প, সাংস্কৃতিক আদান-প্রদান এবং সাধারণ মানুষের যাতায়াত আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।


কূটনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত দুই প্রতিবেশী দেশের মধ্যকার বরফ গলাতে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করবে। এই ভিসা বন্ধ থাকার প্রভাব পড়েছিল ব্যবসা-বাণিজ্য ও পরিবহণে। সব কাজ থমকে গিয়েছিল। নদিয়ার গেদে সীমান্ত দুই দেশের দুই দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। পুনরায় ট্রাভেল ভিসা চালু হওয়ার পর নদিয়ার গেদে সীমান্তে এখন খুশির হাওয়া।


সীমান্তের মুদ্রা বিনিময় ব্যবসায়ী, বিভিন্ন ছোট-বড়ো ব্যবসায়ী, ভ্যানচালক এবং টোটোচালক সকলের মুখেই খুশির হাওয়া। ফের রোজগারের আশায় নতুন করে আশার আলো দেখছে তারা। অন্যদিকে বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার প্রয়োজনে ভারতে আসেন। তাঁরা মেডিক্যাল ভিসার মাধ্যমে আসতেন। বাংলাদেশ থেকে বহু মানুষই পর্যটন বা আত্মীয়ের বাড়িতে আসেন, কিন্তু তাদের আসা-যাওয়া কমে গিয়েছিল। যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ধাক্কা খায় ব্যবসা। আয় কমতে থাকে যাত্রীদের। পুজোর মুখে ফের ট্রাভেল ভিসা পুনরায় চালু হওয়ায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।