Bank: উঠে গেল তিনদিনের ব্যাংক ধর্মঘট, আজ থেকে স্বাভাবিক পরিষেবা
বন্দে মাতরম সংবাদ: উৎসবের মরশুমের ঠিক আগে ব্যাঙ্ক কর্মীদের ডাকা টানা তিন দিনের দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহার বা স্থগিত করা হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর ডাকে এই ধর্মঘট হওয়ার কথা ছিল।
রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর শীর্ষ প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সেই বৈঠকে ব্যাংক কর্মীদের বিভিন্ন দাবিদাওয়া ও ধর্মঘটের নোটিস নিয়ে দীর্ঘ আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে ইতিবাচক সমঝোতা গড়ে ওঠে। এর ফলেই ইউনিয়নগুলির যৌথ মঞ্চ তাদের আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ব্যাংক কর্মী ও অফিসারদের সংগঠনগুলির প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম ছিল:
সপ্তাহে পাঁচ দিন কাজ (Five Days Work): সমস্ত শনি ও রবিবার ব্যাঙ্কগুলিতে ছুটির দিন ঘোষণা করার দীর্ঘদিনের দাবি।
পিএলআই (PLI) সংক্রান্ত সমস্যা: স্কেল IV এবং তার ওপরের অফিসারদের পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ (PLI) স্কিম নিয়ে ইউনিয়নের আপত্তি ও সংশোধনী প্রস্তাব। অন্যান্য পেন্ডিং দাবিদাওয়া যা ইতিপূর্বে বিভিন্ন বৈঠকে আলোচিত হয়েছিল, তার দ্রুত সমাধান।
তবে ধর্মঘট প্রত্যাহার হওয়ার ফলে সমস্ত রাষ্ট্রায়ত্ত, আঞ্চলিক গ্রামীণ ও অন্যান্য অংশগ্রহণকারী ব্যাঙ্কের শাখাগুলি যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম চলবে। যেহেতু সামনেই দুর্গাপুজো ও উৎসবের মরশুম, তাই এই ধর্মঘট বাতিল হওয়ায় সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ বড়ো ধরনের আর্থিক লেনদেন সংক্রান্ত দুশ্চিন্তা ও ভোগান্তি থেকে রেহাই পেলেন।
ইউনিয়নগুলির পক্ষ থেকে জানানো হয়েছে যে, দাবিগুলি নিয়ে আইবিএ-এর সঙ্গে গঠনমূলক আলোচনা শুরু হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে বিষয়গুলি খতিয়ে দেখা হবে।