ব্রেকিং

ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কায় কাঁপছে সুন্দরবন, প্রশাসনের কড়া সতর্কতা সহ চলছে মাইকিং

Monday, 26 October 2026 at 16:33 Superadmin
Share
ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কায় কাঁপছে সুন্দরবন, প্রশাসনের কড়া সতর্কতা সহ চলছে মাইকিং


অমিত মণ্ডল, নামখানা:

 

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে সুন্দরবনের উপকূল! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ‘অর্ণব’ নামের একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দোসর হয়েছে নিম্নচাপ এবং পূর্ণিমার ভরা কোটাল। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা। সোমবার থেকেই নামখানা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে নদী ও সমুদ্রে মাইকিং করে মৎস্যজীবীদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে উপকূল ও সুন্দরবন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। 

 

ঝড়ের পাশাপাশি এই সময়ে রয়েছে পূর্ণিমার ভরা কোটাল। ফলে নদী ও সমুদ্রের জলস্তর অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে উঠবে এবং প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

 

সমুদ্র ও নদী উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সুরক্ষায় তৎপর হয়েছে প্রশাসন। সোমবার সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার উদ্যোগে নদীপথে ও ঘাটে ঘাটে মাইকিং প্রচার চালানো হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাউকে মাছ ধরতে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যারা মাঝসমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনি দ্বীপের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে। সুন্দরবনের প্রতিটি ব্লকের প্রশাসনকে সম্পূর্ণ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।