ব্রেকিং

Shuvendu Adhikari: আজ করম মহাসমাবেশে পুরুলিয়া থেকে কুড়মালি ভাষা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Sunday, 20 September 2026 at 15:05 Superadmin
Share
Shuvendu Adhikari: আজ করম মহাসমাবেশে পুরুলিয়া থেকে কুড়মালি ভাষা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
shuvendu adhikari

 বন্দে মাতরম, সংবাদ: সরকার পরিবর্তন হয়েছে। আর রাজ্যে বড়ো পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আজ আসন্ন পবিত্র করম পরবের প্রাক্কালে কুড়মি সমাজের বিশাল করম মহা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়া থেকেই কুড়মালি ভাষা নিয়ে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর।


এতদিন নিজেদের মতো করেই প্রাচীন এই লোক সংস্কৃতির উৎসব পালন করত আদিবাসী কুড়মি সম্প্রদায়ের মানুষজন। এবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই উৎসব অন্য মাত্রা পেল। রবিবার পুরুলিয়ার কড়াডিতে করম পরবের বিশাল আয়োজনের আয়োজন করা হয়।


এদিন রাজনৈতিক পালাবদলের পর নয়া সরকারের দিকে তাকিয়ে ছিল কুড়মি সম্প্রদায়। মুখ্যমন্ত্রী এই আশা পূরণ করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, কুড়মিদের দীর্ঘদিনের দাবি মেনে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভূক্ত করা হবে। খুব দ্রুত এই কাজ শুরু ও শেষ হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল উচ্ছ্বাসে হাততালি শোনা যায় চারিদিক থেকে।


এদিন মাথায় হলুদ পাগড়ি পরে মঞ্চে উঠেই প্রথম মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়, ‘ জয় জোহার, জয় গরাম। মুখ্যমন্ত্রী বলেন, আমি আকাশ থেকে দেখছিলাম আমার দিদি ও বোনের কী সুন্দর তাদের করম পরব উপলক্ষে নাচের দল নিয়ে এসেছেন। আমার বাদ্যযন্ত্র, বাদক জঙ্গলমহলের লোকশিল্পীরা কী অপূর্ব ছন্দে ছন্দে তাদের বাদ্যযন্ত্রের বোল তুলছেন। আকাশ থেকে মনে হচ্ছিল, চারিদিকে এক অপরূপ আনন্দ। চারিদিকে হলুদ আর হলুদ। যেকোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিৎ সেই রাজ্যের সব প্রান্তে সমস্ত জাতি, সম্প্রদায় বড়ো বড়ো উৎসব, পরবে অংশগ্রহণ করা। আমার মনে হয় করম পরব এই সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনে এই উৎসবে স্বাধীনতার পরে এই রাজ্যে কোনও মুখ্যমন্ত্রী এই প্রথমবার আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেল। যা আমার পরম প্রাপ্তি। আমি মূল মানতা, অজিত প্রসাদ মাহাতো সহ সুধাংশু মাহাতো, যুধিষ্ঠির মাহাতো সহ সঞ্চালক সঞ্জয় মাহাতো সহ পরিমল মাহাতো সহ সমস্ত আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

 

আজকের করম পরবে উপস্থিত থাকার জন্য অনেক আগেই মুখ্যমন্ত্রীকে কুড়মি সমাজের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রায় মাস খানেক আগে নবান্নে তাঁর সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা, অজিত মাহাতো, বিধায়ক বিশ্বজিৎ মাহাতোরা। তখনই শুভেন্দু অধিকারী তাঁদের যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেইমতো রবিবার কলকাতা থেকে আকাশপথে অন্ডাল হয়ে পুরুলিয়ার কড়াডি ময়দানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রায় ৪০ হাজার মহিলা মুখ্যমন্ত্রীকে ঝুমুর নাচের মাধ্যমে স্বাগত জানান। কুড়মিদের ঐতিহ্যবাহী হলুদ পাগড়ি ও উত্তরীয় পরিয়ে তাঁকে মঞ্চে বরণ করে নেন অজিত মাহাতো, জ্যোতির্ময় সিং মাহাতো, বিশ্বজিৎ মাহাতো, সুদেশ মাহাতোরা।