ব্রেকিং

2028 Madhyamik Examination: ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো নির্দেশ পর্ষদের

Tuesday, 15 September 2026 at 14:41 Superadmin
Share
2028 Madhyamik Examination: ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো নির্দেশ পর্ষদের
Madhyamik Examination


বন্দে মাতরম সংবাদ: ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়োসড়ো নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যারা পরীক্ষা দেবে সেই সমস্ত পড়ুয়াদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য যাচাই করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল পর্ষদ। নবম শ্রেণিতে পড়া এই পড়ুয়াদের রেজিস্ট্রেশন তথ্যের অনলাইন চেকলিস্ট খতিয়ে দেখা এবং প্রয়োজন হলে ভুল-ত্রুটি শনাক্ত করে সেগুলি সংশোধনের কাজ শুরু করা হবে ১৬ সেপ্টেম্বর থেকে। এই বিষয়ে পর্ষদের তরফে স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে পরবর্তী পড়ুয়াদের রেজিস্ট্রেশন নিয়ে কোনও সমস্যা তৈরি না হয়। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রতিটি তথ্য ভালো করে মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে পর্ষদ।


পর্ষদ জানিয়েছে, ২০২৬ সালের নবম শ্রেণিতে থাকা পড়ুয়াদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত তথ্য অনলাইনে যাচাই করতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলিকে। এই কাজের জন্য ব্যবহার করতে হবে পর্ষদের নির্দিষ্ট পোর্টাল wbbsedata.com। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পোর্টালটি খোলা থাকবে। এই সময়সীমার মধ্যেই পড়ুয়াদের তথ্য যাচাই করে দেখে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। না হলে পরে সমস্যা হতে পারে। অনলাইনে তথ্য যাচাইয়ের কাজ শেষ হলে, স্কুল কর্তৃপক্ষকে ফাইনাল চেকলিস্টের একটি কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। সেইসঙ্গে রেজিস্ট্রেশনের জন্য জমা দেওয়া ব্যাঙ্ক চালান বা অনলাইনে পেমেন্ট করা থাকলে তার স্ক্রিনশটও সংরক্ষণ করে রাখতে হবে।


ভবিষ্যতে পর্ষদের তরফে কোনও প্রয়োজন হলে সেই সমস্ত নথি স্কুল কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠানো হতে পারে। তাই সেই নথিগুলি যত্ন করে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ২০২৮ সালে যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের রেজিস্টেশন সংক্রান্ত সমস্ত তথ্য গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনও সমস্যা হলে পর্ষদের নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস wbbseregtn9@gmail.com-এ যোগাযোগ করা যেতে পারে। তবে তার আগে অবশ্যই পর্ষদের ঠিক করে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্কুলগুলিকে কাজ শেষ করতে হবে।