Milan Pradhan: উপ নির্বাচনের আগেই সাময়িক স্বস্তি, জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
বন্দে মাতরম সংবাদ, কলকাতা: উপনির্বানের আগেই বড়ো স্বস্তি, জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। অতএব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনও বাধা রইল না। কলকাতা হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
এর ফলে তাঁর জেলমুক্ত হয়ে নির্বাচনে লড়তে ও প্রচারে অংশ নিতে পারবেন মিলন, আইনি কোনও বাধা আর রইল না। আগামী ২০ অক্টোবর পর্যন্ত মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। মেয়াদ শেষে আগামী ২১ অক্টোবর তাঁকে ফের আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। মিলন প্রধানের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল, এর মধ্যে খেজুড়ি থানার দুটি এবং নন্দীগ্রাম থানার চারটি মামল ছিল। এই সমস্ত মামলাতেই তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে।
২০ হাজার টাকার বন্ড এবং একাধিক নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাঁকে এই জামিন দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে—তদন্ত প্রক্রিয়ায় তাঁকে নিয়মিত সহযোগিতা করতে হবে এবং পুলিশ প্রতিদিন তাঁকে দু’বার ফোন করবে।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ৪ অক্টোবর পর্যন্ত প্রচার চালাবে নির্বাচনী দলগুলি। আদালতের এই রায়ের ফলে তাঁর পক্ষে জেলমুক্ত হয়ে স্বাধীনভাবে নির্বাচনী প্রচারে অংশ নিতে আর কোনও বাধা রইল না।