Suvendu Adhikari: নন্দীগ্রামে ভোট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রোটোকল ভেঙে টোটোয় এলেন বুথে
বন্দে মাতরম সংবাদ, নন্দীগ্রাম: আজ নন্দীগ্রামে উপ নির্বাচন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভোট দিতে নন্দীগ্রামে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কনভয় ও প্রোটোকল এড়িয়ে সাধারণ মানুষের মতো টোটোয় চড়ে নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিতে পৌঁছন তিনি। ভোটদান পর্ব শেষে তিনি স্থানীয় মন্দিরে পুজো দেন এবং নন্দীগ্রামে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন
ভোট দিয়ে বেরিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মুখ্যমন্ত্রী। কয়েকজনের সঙ্গে সেলফিও তোলেন মুখ্যমন্ত্রী। ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কোনও কথা বললেন না তিনি। রাজনীতি নিয়েও কোনও কথা শোনা যায়নি তাঁর মুখে। নন্দীগ্রাম মানুষের কাছে বরাবরের মতোই থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘নন্দনায়কবার ও নন্দীগ্রামের প্রতি আমার অঙ্গীকার ছিল, আছে, থাকবে। জগদ্ধাত্রী পুজোয় প্রতিবার আসি, এবারও আসব। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেভাবে মানুষ আমাকে দেখেছেন, সেভাবেই দেখতে পাবেন। পোশাক থেকে পায়ের জুতো, কোনও কিছুতেই পরিবর্তন হয়নি, হবেও না। দল ও জনগণ যে দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সঙ্গে তা পালন করার চেষ্টা করি। দায়িত্ব বদলালেও আমার ব্যক্তিগত জীবনে কোনও পরিবর্তন হবে না। সেইসঙ্গে তিনি জানান, ভোট চলছে, তাই তিনি ভোটের ফল নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে আশা রাখছেন ৮৫ শতাংশ ভোট পড়বে। মুখ্যমন্ত্রী বললেন, তিনি ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হলেও আমৃত্যু নন্দীগ্রামের ভোটারই থাকবেন।