ব্রেকিং

ফ্লাই কাণ্ডের পরেই বিমান চলাচলে কড়া নজর, সতর্ক করা হল দিল্লি সহ দমদমকে

Thursday, 8 October 2026 at 20:38 Superadmin
Share
ফ্লাই কাণ্ডের পরেই বিমান চলাচলে কড়া নজর, সতর্ক করা হল দিল্লি সহ দমদমকে


বন্দে মাতরম সংবাদ, নয়াদিল্লি: ফ্লাই দুবাই কাণ্ডের পরে বিমান চলাচল ও অভ্যন্তরীণ নিরাপত্তায় বড়োসড়ো পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফ্লাই দুবাইয়ের ইজরায়েলগামী বিমানের ককপিটে অনভিপ্রেত ও চাঞ্চল্যকর ঘটনার পর বিশ্বজুড়ে বিমান নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রভেন আজার কট্টরপন্থী ইসলামি সন্ত্রাসের নতুন ঢেউ ও ‘জেহাদি পাইলট’ বা ককপিটের ভেতরে সম্ভাব্য হুমকির বিষয়ে দিল্লিকে সতর্ক করেছেন। তাঁর মতে, সন্ত্রাসবাদীরা গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর চেয়ে দ্রুতগতিতে নিজেদের কায়দা বদলাচ্ছে, তাই নিরাপত্তাকেও আরও বেশি গতিশীল ও তৎপর হতে হবে। 


আন্তর্জাতিক এই সতর্কবার্তা এবং দেশের অভ্যন্তরীণ সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা তথা দমদম বিমানবন্দর সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে নিরাপত্তা বলয় আরও কঠোর করা হয়েছে। ককপিট সিকিউরিটি ও এয়ারপোর্ট টার্মিনালগুলিতে নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি সংগঠনের তৎপরতা ও নেটওয়ার্কের সন্ধান মেলায় নিরাপত্তা এজেন্সিগুলি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। সব মিলিয়ে আকাশপথের নিরাপত্তা এবং বিমানবন্দরগুলিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।


সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইজরায়েলের রাষ্ট্রদূত রভেন আজার বলেন, ‘সন্ত্রাসবাদীরা আমাদের চেয়ে দ্রুতগতিতে কাজ করছে! আর তাই আমাদেরও তাদের চেয়ে দ্রুতগতিতে সব দিকে নজর রাখতে হবে। আমাদের আরও তৎপর ও সতর্ক থাকা দরকার। পরবর্তী ঢেউয়ের চেয়ে এগিয়ে থাকতে হলে আমাদের দ্রুত পদক্ষেপ করতে হবে। আর সেই পরবর্তী ঢেউ আসবেই।’ এদিন ইজরায়েলে হামাসের হামলার তিন বছর পূর্ণ হল। সেই প্রেক্ষিতেই সকলকে সতর্ক করছে তেল আভিভ।

সাম্প্রতিক সময় খবর পাওয়া গিয়েছিল, বাংলার মাটিতে ক্রমশ জাল বিস্তার করছে, বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন (জেএমবি)! খবর পেয়ে তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিন জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইজরায়েলের রাষ্ট্রদূত রভেন আজারের কথায় ফের সেই প্রসঙ্গ সামনে এল।