Cm Shuvendu Adhikari: তোলাবাজি রুখতে আরও কড়া অবস্থান, নতুন আইন আনছে রাজ্য সরকার
বন্দে মাতরম সংবাদ: সরকারে বসেই তোলাবাজি নিয়ে কড়া অবস্থান নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তোলাবাজি রুখতে ইতিমধ্যেই হেল্পলাইন নাম্বার চালু করেছে নবান্ন। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তোলাবাজির অভিযোগ আসছে।
গত ২৯ জুন বিধানসভায় সর্বসম্মতিক্রমে গুন্ডা দমন আইন পেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দুটি বিল পেশ করা হয় সেদিন। এই আইন অনুযায়ী, অভিযুক্তকে সন্দেহজনক মনে হলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে এবং জেল হেফাজতে পর্যন্ত পাঠানোর অধিকার রাখবে। সেইসঙ্গে কোনও সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষেত্রে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ক্ষতিপূরণ নেবে সরকার।
এবার তোলাবাজি সমূলে বিনাশ করতে নতুন আইন পথে এগোচ্ছে সরকার। যার আওতায় তোলাবাজিকে সম্পূর্ণ নিষিদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে, এই অপরাধে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তি ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের যে কোনও প্রান্তে এবার তোলাবাজির ঘটনা ঘটলেই থানায় অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে বিশেষ আইনের ধারায় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেই আইন কার্যকর করার জন্য কাঠামো গঠন করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে রাজ্যের তরফে। আইনের কোন ধারায় অপরাধ অন্তর্ভুক্ত থাকবে, কী কী ধরনের বিধান থাকবে সেই নিয়ে আলোচনা চলছে। তোলাবাজি রুখতে পদক্ষেপের পাশাপাশি আইনি রক্ষাকবচ আরও শক্ত করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার।