ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলা
বন্দে মাতরম সংবাদ
কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনে চাপে বাংলা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে, দিনের শেষে বাংলার রান ৬ উইকেটে ১৭২। এই পরিস্থিতিতে বাংলার ভরসা শাহবাজ আহমেদ। তিনি দিনের শেষে ৩৫ রানে নট আউট রয়েছেন।
গত কয়েকদিন ধরেই তিরুঅনন্তপুরমে নিয়মিত বৃষ্টি হচ্ছে। সোমবারও বৃষ্টির দাপটে ম্যাচ শুরু করতে প্রায় ঘণ্টা দেড়েক দেরি হয়। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলার। মাত্র ১০ রান করে ফিরে যান অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। রান পাননি আমির গনিও (১৪)। সেখান থেকে বাংলাকে টেনে তোলার কাজ করেন অঙ্কুর পাল ও সুদীপ ঘরামি। কিন্তু ব্যক্তিগত ৬৬ রানের মাথায় আউট হন অঙ্কুর। তারপর আচমকা ভেঙে পড়ে বাংলার ব্যাটিং। ১০২ রানে ২ উইকেট থেকে ১০৮ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। প্রথম বলেই আউট অভিষেক পোড়েল। আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এদিন রানের দেখা পাননি বঙ্গ উইকেটকিপার। সুদীপ চট্টোপাধ্যায়ের অফ ফর্ম অব্যাহত। এদিন করলেন মাত্র ৬ রান।
এরপর বাংলার ব্যাটিংয়ের হাল ধরেন শাহবাজ আহমেদ। সুদীপ ঘরামির সঙ্গে জুটি বাঁধেন তিনি। দু’জনে মিলে মূল্যবান ৬২ রান যোগ করার পর ফের ছন্দপতন। এবার ব্যক্তিগত ৩৬ রানে আউট হন সুদীপ ঘরামি। এরপর ক্রিজে আসেন সুমন্ত গুপ্ত। তিনি দিনের শেষে ১ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনে শাহবাজ ও সুমন্ত যদি বড় রানের জুটি গড়তে পারেন, তাহলে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলতে পারবে বাংলা।