ব্রেকিং

Kalighat Temple: কালীঘাট মন্দিরের গয়না চুরি কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাবর্ণ পরিবার, তিনটি আবেদন

Monday, 14 September 2026 at 15:29 Superadmin
Share
Kalighat Temple: কালীঘাট মন্দিরের গয়না চুরি কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাবর্ণ পরিবার, তিনটি আবেদন

বন্দে মাতরম সংবাদ: কালীঘাট মন্দিরের (kaliighat Temple) গয়না (Jewelry) চুরি নিয়ে মামলা ক্রমশই জটিল আকার নিচ্ছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল সাবর্ণ রায়চৌধুরী পরিবার (Sabarna Roy Chowdhury family)। সর্বোচ্চ আদালতের কাছে তিনটি আবেদন রেখেছে তাঁরা।


পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি বিস্তারিত চিঠি পাঠিয়েছেন। পরিবারের দাবি মন্দির পরিচালনায় অবিলম্বে হস্তক্ষেপ এবং সিবিআই তদন্তের আবেদন। সেইসঙ্গে অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের আবেদন জানিয়েছে সাবর্ণ পরিবার।


কালীঘাট মন্দিরের গয়না ও সম্পদের হদিশ না-মেলার অভিযোগ তুলে আগেই সরব হয়েছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এই চিঠিতে তারা গয়না ও মূল্যবান সামগ্রী রাখার ব্যাংক ভল্টের চাবি ৪৬ বছর ধরে নিখোঁজ হওয়ার ঘটনা জানায়। এই ঘটনায় কোনও এফআইআর পর্যন্ত দায়ের হয়নি। ফলে ভল্টের ভিতরে আদৌ গয়না আছে কি না, তা কী অবস্থায় আছে, এই সব কিছুই এখন প্রশ্নের মুখে। চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ইনভেন্টরি কমিটির প্রতি পনেরো দিন অন্তর গয়নার হিসাব করে তা ব্যাঙ্কে জানানোর কথা থাকলেও সেইসব কিছুই হয়নি।


সাবর্ণ পরিবারের বক্তব্য, ১৯৬০ সালে সুপ্রিম কোর্ট কালীঘাট মন্দিরকে একটি পাবলিক এনডাওমেন্ট ট্রাস্ট হিসেবে ঘোষণা করে একটি পরিচালন স্কিম তৈরি করে দেয়। সেই স্কিম অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার জেলা জজকে চেয়ারম্যান করে সেবায়েত ও সেবায়েত নয়, এমন সদস্যদের নিয়ে একটি কমিটি গঠনের কথা। কিন্তু সেই কমিটি কার্যত অকেজো। প্রতি পাঁচবছর অন্তর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু ২০১৪ সালের পর থেকে কোনও নির্বাচনই হয়নি।

সাবর্ণদের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও গর্ভগৃহের ভিতরে অবাধে মোবাইল ও ক্যামেরায় ভিডিয়ো রেকর্ডিং হচ্ছে। সেবায়েত নয়, এমন ব্যক্তিরাও গর্ভগৃহে প্রবেশ করে যাচ্ছে,  মন্দির চত্বরে দালালদের দৌরাত্ম্যে এখনও চলছে, হয়রানি বাড়ছে ভক্তদের,


নাটমন্দির বন্ধ রেখে দর্শনে বাধা সৃষ্টি এবং নিত্যপুজো, ভোগ ও আরতি সময়মতো না-করার মতো অভিযোগও তোলা হয়েছে।

সাবর্ণ পরিবার সুপ্রিম কোর্টের কাছে তিনটি আবেদন রেখেছে। প্রথমত, মন্দিরের সমস্ত অনিয়ম ও দুর্নীতির তদন্তে অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক অথবা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্ত দল (সিট) গঠন করা হোক। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের স্কিম মেনে জেলা জজ, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি, সাবর্ণ পরিবারের অন্তত দুজন সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নতুন করে মন্দির কমিটি গঠন করা হোক। তৃতীয়ত, পরিবারের ঐতিহাসিক দাবিকে মান্যতা দেওয়া হোক।