ব্রেকিং

রামলীলা ময়দানের ভিড় দেখাতে ভরসা এআই! কংগ্রেসকে কটাক্ষ কিরেন রিজিজুর

Monday, 2 November 2026 at 12:15 Superadmin
Share
রামলীলা ময়দানের ভিড় দেখাতে ভরসা এআই! কংগ্রেসকে কটাক্ষ কিরেন রিজিজুর

বন্দে মাতরম সংবাদ, নয়াদিল্লি:

 

রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জনসভায় বিপুল মানুষের জমায়েত দেখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। এমনটাই দাবি করে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রবিবারের জনসভা ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।

রবিবার দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছিল বিরোধী জোট। সেখানে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতা উপস্থিত ছিলেন। সভার আগে বিরোধীদের তরফে ১০ লক্ষ মানুষের জমায়েতের প্রত্যাশা প্রকাশ করা হয়েছিল।

কিন্তু সভার পরেই জমায়েতের ছবি ও সংখ্যা নিয়ে শুরু হয় বিতর্ক। কংগ্রেস সাংসদ বামসি গদ্দাম এবং দলের একাধিক নেতা সমাজমাধ্যমে রামলীলা ময়দানের একটি জনসমুদ্রের ছবি পোস্ট করেন। সেই ছবিতে মঞ্চে সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ছবিও দেখা যায়। ছবিটি এআই দিয়ে তৈরি বলে অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করেন কিরেন রিজিজু। তাঁর কটাক্ষ, রামলীলা ময়দান ভর্তি দেখাতে কংগ্রেসের ‘ফেক ন্যারেটিভ টিম’ এআইয়ের সাহায্য নিয়েছে। কিন্তু সেই ছবিও ঠিকমতো তৈরি করতে পারেনি তারা। ছবিতে মঞ্চের দৃশ্যের সঙ্গে বাস্তবের মঞ্চের অসঙ্গতি রয়েছে বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে, বিজেপি সাংসদ তথা মুখপাত্র সম্বিত পাত্র দাবি করেন, সভায় ২৮ হাজার চেয়ারের মধ্যে বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে প্রায় ৫ থেকে ৭ হাজার চেয়ার ফাঁকা ছিল। তাঁর অভিযোগ, ময়দানের প্রায় ৪০ শতাংশ জায়গাই ফাঁকা ছিল। সভাটিকে কার্যত ‘ফ্লপ শো’ বলেও কটাক্ষ করে বিজেপি।

যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ কংগ্রেস। 

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের আন্দোলনের অংশ হিসেবেই এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। জনসভায় রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হন। সব মিলিয়ে জনসমাগমের প্রকৃত সংখ্যা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি এআই-নির্মিত ছবি ঘিরেও নতুন বিতর্ক তৈরি হয়েছে।