পুরভোটের ফলও বিধানসভার মতোই হবে, আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ
সব্যসাচী সাহা, কলকাতা:
আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের মতোই পুরভোটেও বিজেপি ভালো ফল করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
পুরসভা নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধী দু’পক্ষই নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাঁর মতে, নির্বাচনে সাফল্য পেতে সংগঠনকে শক্তিশালী করা এবং মানুষের কাছে পৌঁছনোই গুরুত্বপূর্ণ। শনিবার ইকোপার্কে প্রাতভ্রমনে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন, 'পুরভোটে বিজেপির কোনও বাড়তি সুবিধে নেই। বিধানসভা নির্বাচনে বিরোধীদের বিরুদ্ধে বিজেপি একাই লড়েছিল, যা ফলাফল হয়েছে, পুরভোটেও তাই ফলাফল হবে। কারণ বাংলার মানুষ এদের দায়িত্ব দিয়ে দেখেছে ১৫বছরের লুঠপাঠ ছাড়া আর কিছুই করেনি। জনগন উন্নয়ন চাইছে, পরিচ্ছন্ন রাজনীতি চাইছে, আর সেটা বিজেপি দিতে পারে তা প্রমাণিত।'
পাশাপাশি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি জানান, বাজারে অনেক কিছুই রটনা চলে। ঘটনা হলে তখন দেখা যাবে। বিজেপির এত দুরবস্থা হয়নি যে বাইরে থেকে লোক নিয়ে প্রার্থী করতে হবে। আমাদের দলীয় কার্যকর্তাদের বহুবছর মানুষের জন্য কাজ করছেন। বহু অভিজ্ঞতা হয়েছে। তাঁদের স্বচ্ছ ভাবমূর্তি জনতা পছন্দ করেন, সুতরাং আমরা সেদিকে নজর রাখবো। আমরা দীর্ঘদিন তপস্যা করে দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। এখনো পরীক্ষা দিচ্ছি, আগামীতেই পরীক্ষা দেব।
অন্যদিকে, পুরভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই কতটা জোরদার হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। তবে দিলীপ ঘোষের আত্মবিশ্বাস বাস্তবে ভোটের ফলাফলে কতটা প্রতিফলিত হয়, তার উত্তর মিলবে নির্বাচনের ফল প্রকাশের পরেই।