ব্রেকিং

সীমান্তে গরু পাচার, গ্রেফতার ৬, আটক ১৫ গরু ও ভ্যান

Sunday, 25 October 2026 at 02:54 Superadmin
Share
সীমান্তে গরু পাচার, গ্রেফতার ৬, আটক ১৫ গরু ও ভ্যান
তেহট্ট থানার পুলিশের অভিযানে আটক হওয়া ইঞ্জিন ভ্যান ও গরু

পিয়ালি বোস, নদিয়া:


বাঙালির উৎসবের মরসুমের মধ্যেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি বজায় রাখল পুলিশ। গোপন সূত্রে গরু পাচারের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল নদিয়ার তেহট্ট থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৫টি গরু এবং আটক করা হয়েছে ৩টি ইঞ্জিনচালিত ভ্যান। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, উৎসবের মরসুমের সুযোগ নিয়ে একটি চক্র সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচারের চেষ্টা চালাচ্ছিল‌। সেই খবরের ভিত্তিতে শনিবার সকালে তেহট্ট থানার পুলিশ নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। ​অভিযান চলাকালীন সন্দেহভাজন ৩টি ইঞ্জিনচালিত ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। ভ্যানগুলিতে তল্লাশি চালিয়ে মোট ১৫টি গরু উদ্ধার করা হয়। এই গরুগুলির বৈধ কাগজ দেখাতে পারেনি গাড়ির চালকেরা। এরপরেই পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

​ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে শনিবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে পাঠায় তেহট্ট থানার পুলিশ। সীমান্ত এলাকায় এই ধরনের বেআইনি পাচার রুখতে পুলিশের এমন তৎপরতা আগামী দিনেও জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।