এবার ইন্দ্রনীল সেনের মেয়েকে তলব, লালবাজারে হাজিরার নির্দেশ
বন্দে মাতরম সংবাদ
ইন্দ্রনীল সেনের পর এ বার তাঁর পরিবারের সদস্যরাও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের স্ক্যানারে। ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে জিজ্ঞাসাবাদের পর তাঁর মেয়ে আভেরি সেন-কে লালবাজারে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্ত্রীর জিজ্ঞাসাবাদের পরপরই ইন্দ্রনীল সেনের কন্যা আভেরি সেনকেও লালবাজারে তলব করায় সেন পরিবারের ওপর তদন্তের আইনি ও রাজনৈতিক চাপ দ্বিগুণ বেড়ে গেল।
প্রাক্তন মন্ত্রীর স্ত্রী মধুছন্দা সেনও এই মামলার তদন্তের আওতায় এসেছেন। গত শনিবার তাঁকে লালবাজারে ডেকে প্রায় ৩ ঘণ্টা জেরা করা হয়।
উল্লেখ্য, ইউনেস্কোর স্বীকৃতিকে কাজে লাগিয়ে পুজো পাস বিক্রি ও টেন্ডার অনিয়মে যুক্ত থাকার অভিযোগে লালবাজারের স্পেশাল সেল ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করে। ইউনেস্কোর লোগো ও নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর ভিআইপি পাস বিক্রি, টিকিট জালিয়াতি এবং সরকারি টেন্ডারে আর্থিক অনিয়ম দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কলকাতার প্রায় ২৪টি বড় দুর্গাপুজো মণ্ডপে সাধারণ মানুষের প্রবেশের আগে ভিআইপি ও বিদেশি পর্যটকদের প্রিভিউ শো দেখানোর নামে একেকটি টিকিট ১,৮০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত চড়া দামে বিক্রি করার অভিযোগ ওঠে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র নজরে এই মামলার আর্থিক লেনদেনের একাধিক গড়মিল উঠে এসেছে। অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। আদালত ইন্দ্রনীল সেনকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।