কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে
নতুন প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট। বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে কলকাতা হাইকোর্টের বিচারপতি হচ্ছেন। শনিবার রাতেই তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনেই এই নিয়োগ। বিচারপতি ঘুগে হবেন কলকাতা হাইকোর্টের ৪৫ তম প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্ট ছাড়াও দেশের আরও সাত হাইকোর্টে নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। বর্তমানে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকা ঘুগে আগামী দিনে কলকাতা হাইকোর্টের প্রশাসনিক শীর্ষ পদ সামলাবেন।
বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে চলতি বছরের জুনে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হন। ২০১৩ সালের ২১ জুন বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। ২০১৩ সালের ২১ জুন বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। তার আগে দীর্ঘদিন আইনজীবী হিসেবে বম্বে হাইকোর্ট এবং শিল্প ও শ্রম আদালতে সওয়াল করেছেন রবীন্দ্র ভি ঘুগে।
বম্বে হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শেষবার এসেছিলেন বিচারপতি জৈনারায়ণ প্যাটেল। ২০১০ সালের ২৬ জুন তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়। ২০১২ সালের অক্টোবর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। এর প্রায় ১৬ বছর পর ফের বম্বে হাইকোর্টের কোনও বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চলেছেন। ১৯৯০ সালে বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। শ্রমিক ইউনিয়নের হয়ে প্রায় দু’হাজার মামলায় সওয়াল করেছিলেন তিনি। পরে একাধিক শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও মামলা লড়েছেন। দীর্ঘ আইনজীবী জীবন এবং প্রায় ১৩ বছর ধরে বিচারপতি পদে থাকার পর এবার কলকাতা হাইকোর্টে তাঁকে প্রধান বিচারপতি হিসেবে পাচ্ছে।
তাছাড়া পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন ওই হাইকোর্টেরই বিচারপতি অশ্বিনীকুমার মিশ্র। ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ওড়িশা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণরাম মহাপাত্র। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি কামেশ্বর রাও। রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয়কুমার আগরওয়াল। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে এসেছেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন গুজরাত হাইকোর্টের অল্পেশ যশবন্ত কোগজে। জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন রাজস্থান হাইকোর্টের পুষ্পেন্দ্র সিং ভাটি।