ব্যবসায়ীকে হাতুড়ি মেরে খুন, গ্রেফতার এক
বন্দে মাতরম সংবাদ, পুরুলিয়া:
পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত সৈনিক স্কুলের কাছে চন্দনকেয়ারী রোডের ধারে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছিল। মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় দ্রুত পদক্ষেপ করে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুরুলিয়া জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম বনমালী গোপ (৪৮)। তিনি পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত চকঝরিয়া গ্রামের বাসিন্দা দীর্ঘদিন ধরে তিনি সৈনিক স্কুলের মোড়ের কাছে মুদিখানার ব্যবসা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নবমীর রাতে সৈনিক স্কুলের কাছে রাস্তার ধারের ওই মুদি দোকানে হামলার খবর আসে পুলিশের কাছে। খবর পেয়েই পুরুলিয়া মফস্বল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে দোকানঘরের ভেতরেই ব্যবসায়ী বনমালী গোপকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখে। পুলিশ তাঁকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দোকানঘরে একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি তাঁর মাথায় হাতুড়ি দিয়ে মারাত্মক আক্রমণ চালায়।
ঘটনার তদন্তে নেমে মফস্বল থানার অন্তর্গত টাটাড়ি গ্রামের বাসিন্দা রাইহান মোহাম্মদ ওরফে রহমান নামের এক ব্যক্তিকে এই মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকার লেনদেন সংক্রান্ত কোনও পুরনো বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার সত্য উদঘাটন এবং সম্পূর্ণ ঘটনার ক্রমবিন্যাস জানতে ধৃতকে আদালতে তুলে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে।