ব্রেকিং

কলকাতা-হাওড়া পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি বিজেপির

Friday, 23 October 2026 at 00:15 Superadmin
Share
কলকাতা-হাওড়া পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি বিজেপির
কলকাতা-হাওড়া পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি বিজেপির

সব্যসাচী সাহা, কলকাতা:


কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে বঙ্গ বিজেপি। অক্টোবরের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে প্রথম দফায় নাম ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে দল। লক্ষ্মীপুজোর পরেই প্রার্থী হওয়ার আবেদনপত্র খতিয়ে দেখে বাছাইয়ের কাজ শুরু করার কথা। এই নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি ও রণকৌশল ঠিক করতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল।

দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতি নিয়ে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে ওই বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচাৰ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে প্রার্থী নির্বাচনের পদ্ধতি, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনী প্রচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে প্রার্থীদের নাম চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও নামকেই নিশ্চিত বলে ধরে নেওয়া যাচ্ছে না।

প্রার্থী নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে যাতে অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্ক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন, কোনও একক নেতার সিদ্ধান্তে প্রার্থী চূড়ান্ত করা হবে না। প্রথমে বুথ ও ওয়ার্ড স্তর থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করা হবে। তার পরে জেলা নির্বাচন কোর কমিটি এবং রাজ্যস্তরের কমিটির মাধ্যমে সেই নামগুলি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় সূত্রের আরও জানা গিয়েছে, কলকাতা ও হাওড়ার একাধিক ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য অনেকেই আগ্রহ দেখিয়েছেন। কোনও কোনও ওয়ার্ডে দাবিদারের সংখ্যা ১০ জন পর্যন্ত পৌঁছেছে। পাশাপাশি কলকাতার মুরলীধর সেন লেনের বিজেপির পুরনো রাজ্য দফতরে আবেদন জমা নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। চিকিৎসক, আইনজীবী, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সমাজকর্মী-সহ বিভিন্ন পেশার মানুষের কাছ থেকেও আবেদন চাওয়া হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শুধু দলের প্রতি আনুগত্য নয়, স্থানীয় এলাকায় গ্রহণযোগ্যতা, স্বচ্ছ ভাবমূর্তি এবং জয়ের সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়ার কথা জানানো হয় দলীয় তরফে।

পুরভোটের প্রস্তুতি পরিচালনার জন্য কলকাতা ও হাওড়ায় পৃথক কমিটি গঠন করেছে বঙ্গ বিজেপি। কলকাতা পুরসভার নির্বাচনী প্রস্তুতির দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কমিটির আহ্বায়ক রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। 

অন্যদিকে, হাওড়া পুরসভার নির্বাচনী প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। সেখানে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বালির বিধায়ক সঞ্জয় সিং।

বঙ্গ বিজেপির লক্ষ্য, দুই পুরসভার প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনী লড়াইয়ে নামা। কলকাতা পুরসভার সম্ভাব্য ওয়ার্ড পুনর্বিন্যাস এবং হাওড়ার ওয়ার্ডসংখ্যা বৃদ্ধির বিষয়টিও প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে চূড়ান্ত ওয়ার্ড বিন্যাস ও নির্বাচনী বিজ্ঞপ্তির ভিত্তিতেই প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রের খবর।

কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন নভেম্বরের শেষ সপ্তাহে হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জল্পনা রয়েছে। ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে ভোটগ্রহণ এবং ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করার সম্ভাবনার কথা। যদিও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ছাড়া নির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত নয়।

সুতরাং সব মিলিয়ে লক্ষ্মীপুজোর পর প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে অক্টোবরের মধ্যেই প্রথম দফার তালিকা প্রকাশের লক্ষ্য নিয়েছে বঙ্গ বিজেপি। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে এখন নজর সুনীল বনশলের বৈঠকের সিদ্ধান্ত এবং রাজ্য নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকে।