ট্রেনে উঠতে গিয়ে লাইনে মা, প্রাণ বাঁচাতে ঝাঁপ ছেলের
মানালি দত্ত, মুর্শিদাবাদ: ট্রেন ধরতে গিয়েই বড়োসড়ো বিপত্তি মুর্শিদাবাদ জংশনে। যাত্রী ও আরপিএফের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মা ও ছেলে। জানা গেছে, রেজিনগরের কাশিমপুরের বাসিন্দা সামিনা বেওয়া ও তাঁর ছেলে একিমউদ্দীন ডাক্তার দেখাতে লালবাগে এসেছিলেন। ফেরার পথে মুর্শিদাবাদ জংশন থেকে ৬৩১০৪ ডাউন লালগোলা-শিয়ালদহ মেমু ধরতে যান।
ট্রেন ছাড়ার মুহূর্তে উঠতে গিয়ে হাত ফসকে লাইনে পড়ে যান সামিনা বেওয়া। মাকে পড়তে দেখে তাঁকে বাঁচাতে লাইনে ঝাঁপ দেন ছেলেও। মুহূর্তে আতঙ্ক ছড়ায় স্টেশনে। পরে উপস্থিত যাত্রী ও আরপিএফ কর্মীরা তাঁদের উদ্ধার করেন।
হাসপাতাল সূত্রে খবর, সামিনা বেওয়ার কপাল ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। একাধিক সেলাই পড়েছে। বর্তমানে মা ও ছেলে দুজনেই লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।