সৌদির বিমানবন্দরে ক্ষেপনাস্ত্র হামলা, দুজন ভারতীয়ের মৃত্যু
বন্দে মাতরম বাংলা
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি (হাউথি) বিদ্রোহীরা। এই হামলায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক এবং অন্যজন সৌদি আরবের বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
সৌদি কতৃপক্ষের খবর অনুযায়ী, হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা চালানো হলেও বিস্ফোরণের ভাঙা অংশ ও আঘাতের প্রভাবে বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে উড়ান পরিষেবা ব্যাহত হয়।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদস্থ ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে জানানো হয়েছে, নিহত ভারতীয় নাগরিকের পরিচয় নিশ্চিত করে তাঁর পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করা হচ্ছে। মরদেহ দেশে ফেরানো এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সমস্ত কূটনৈতিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও হুথি সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সৌদি আরবের সামরিক ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো—বিশেষ করে বিমানবন্দর ও তেল শোধনাগার লক্ষ্য করে বারংবার হামলা চালাচ্ছে হুথিরা। বেসামরিক নাগরিক ও আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের ভয়াবহ হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারত-সহ আন্তর্জাতিক মহল।