বিজ্ঞাপনে বিভ্রান্তিকর প্রচার! কেন্দ্রের কোপে আমাজন, ফ্লিপকার্ট সহ একাধিক নামী সংস্থা
বন্দে মাতরম সংবাদ, নয়াদিল্লি: বিভ্রান্তিকর প্রচার সহ মিথ্যা বিজ্ঞাপনের মোড়কে গ্রাহককে কাছে টানার অভিযোগ। কেন্দ্রের কোপে পড়ল একাধিক নামী সংস্থা। এই তালিকায় রয়েছে ডক্টর রেড্ডিস, নেসলে, তিরুপতি ওয়েলনেস, আমাজন, ফ্লিপকার্ট, নেটমেডসের মতো সংস্থা। দেশের প্রথম সারির একাধিক নামী কর্পোরেট ও ই-কমার্স সংস্থাকে একযোগে কারণ দর্শানোর নোটিস পাঠাল খাদ্য সুরক্ষা দফতর বা ‘দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া’ (এফএসএসএআই)। অভিযোগ, বর্তমান সময়ে অনেক সংস্থা তাদের পণ্যের গুণগত মান বা কার্যকারিতা নিয়ে এমন সমস্ত দাবি করে যা অনেক সময় সঠিক বা বিজ্ঞানসম্মত নয়। এর ফলে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হন।
এফএসএসএআই সূত্রে খবর, বাজারজাত বিভিন্ন হেলথ সাপ্লিমেন্ট ও প্রোটিন পাউডারের মোড়কে দীর্ঘ দিন ধরে ভুয়ো ও অতিরঞ্জিত তথ্য পরিবেশন করা হচ্ছে। বিজ্ঞাপন দেখেই মানুষের মধ্যে আগ্রহ বাড়ে সেই সামগ্রীর ওপরে। এবার এই ধরনের বিজ্ঞাপনগুলিতে রাশ টানতে চাইছে কেন্দ্র সরকার।
প্রস্তুতকারক সংস্থাগুলি বিজ্ঞাপনে দাবি করত, তাদের পণ্য শরীরে উচ্চ-মানের প্রোটিন সরবরাহ করে, রাতারাতি পেশির গঠন ও শক্তি বাড়ায়, প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তবে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার স্পষ্ট বক্তব্য, বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া এ ধরনের দাবি উপস্থাপন করে সাধারণ ভোক্তাদের প্রতারিত করা হচ্ছে, স্বাস্থ্যের ভুল ধারণা তৈরি করে বাজারে ব্যবসা চালানো হচ্ছে।
তালিকায় থাকা সংস্থাগুলিকে অবিলম্বে কেন্দ্রীয় দফতরের কারণ দর্শানোর বার্তার সন্তোষজনক উত্তর দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্থাসমূহ যুক্তিযুক্ত উত্তর না দিতে পারলে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ ও জরিমানার হুঁশিয়ারি দিয়েছে এফএসএসএআই।